কলকাতায় বাংলাদেশি পর্যটকদের জন্য উপ-হাইকমিশনের বিশেষ নির্দেশনা

ঢাকা, ৪ সেপ্টেম্বর – কলকাতায় সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ থেকে শহরটিতে ভ্রমণরত নাগরিকদের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করেছে সেখানে অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশন। চিকিৎসা বা অন্যান্য প্রয়োজনীয় কাজে কলকাতা ভ্রমণের আগে অবশ্যই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।
উপ-হাইকমিশনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৯ আগস্ট কলকাতায় অগ্নিকাণ্ডের পর স্থানীয় প্রশাসন বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। বর্তমান পরিস্থিতিতে অনভিপ্রেত সমস্যা এড়াতে বাংলাদেশি নাগরিকদের কয়েকটি সুনির্দিষ্ট নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, কলকাতায় যাওয়ার আগে সংশ্লিষ্ট হোটেলের বুকিং নিশ্চিত করার পাশাপাশি ওই হোটেলের বর্তমান কার্যক্রম এবং কক্ষের প্রাপ্যতা সম্পর্কে তথ্য নিতে হবে। বিশেষ করে যারা চিকিৎসার জন্য যাচ্ছেন, তাদের সফরসঙ্গীদেরও আগে থেকে আবাসন ব্যবস্থা নিশ্চিত করার কথা বলা হয়েছে।
হোটেলের বৈধতা এবং হাসপাতাল থেকে এর দূরত্ব সম্পর্কেও সতর্ক থাকতে হবে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, স্থানীয় প্রশাসন অগ্নিঝুঁকি বিবেচনায় অনেক হোটেল ও রেস্তোরাঁ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। এসব প্রতিষ্ঠান পুনরায় চালু হতে এক মাসের বেশি সময় লাগতে পারে। আবাসন সংকট এড়াতে অগ্রিম বুকিং ছাড়া ভ্রমণ না করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে উপ-হাইকমিশন।
এস এম/ ৪ সেপ্টেম্বর ২০২৬







