জাতীয়

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে উত্থাপন

সংসদ

ঢাকা, ৪ সেপ্টেম্বর – র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‌্যাবের পরিবর্তে পুলিশের অধীনে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে বিল উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬ সংসদে উত্থাপন করেন।

এই বিলের মাধ্যমে র‌্যাব গঠনের আইনি বিধান বাতিল করে একে পুলিশের একটি বিশেষায়িত ইউনিট হিসেবে গড়ে তোলার প্রস্তাব করা হয়েছে। বিলটি উত্থাপনের সময় বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম আপত্তি জানালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, র‌্যাব নামে কোনো সংস্থা না রাখা সরকারের নির্বাচনী অঙ্গীকার ছিল।

পুলিশের বিশেষায়িত ইউনিটের প্রয়োজনীয়তা বজায় রেখেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে এই বিল আনা হয়েছে। মন্ত্রী জানান, এসআরবিতে র‌্যাবের তুলনায় জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করার ক্ষেত্রে আরও শক্তিশালী বিধান থাকবে। প্রস্তাবিত আইনে এই ইউনিটের জনবল, ক্ষমতা ও সম্পদ এসআরবিতে হস্তান্তরের বিধান রাখা হয়েছে।

এছাড়া অপরাধ তদন্ত এবং তল্লাশি ও গ্রেপ্তারের ক্ষমতাও পাবে এই বাহিনী। একই দিনে স্বরাষ্ট্রমন্ত্রী আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬ উত্থাপন করেন।

এই বিলের মাধ্যমে এপিবিএনকে অপরাধ তদন্তের ক্ষমতা প্রদানসহ একটি নতুন আইনি কাঠামোর প্রস্তাব করা হয়েছে। যাচাই বাছাইয়ের জন্য উভয় বিলই স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে এবং চার কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

এস এম/ ৪ সেপ্টেম্বর ২০২৬

Back to top button