মধ্যপ্রাচ্যে উত্তেজনা: বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছয় সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

তেহরান, ৪ সেপ্টেম্বর – ইরানে নতুন করে মার্কিন হামলা এবং ইসরায়েলের পক্ষ থেকে আসা হুমকির প্রভাবে মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এতে সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পুনরায় বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার তেলের মূল্যের এই ঊর্ধ্বগতি টানা চতুর্থ দিনের মতো অব্যাহত ছিল এবং দিনের শুরুর দিকে দাম গত ছয় সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।
বাজার সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ব্যারেলপ্রতি ৫৯ সেন্ট বা শূন্য দশমিক ৬২ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯৬ দশমিক ২২ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড ফিউচারসের দাম ৭৮ সেন্ট বা শূন্য দশমিক ৮৬ শতাংশ বেড়ে ৯১ দশমিক ৭৯ ডলারে পৌঁছেছে।
ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে যে গত মঙ্গলবার রাতে মার্কিন বাহিনীর হামলায় অন্তত ১৮ জন নিহত এবং ১০৮ জন আহত হয়েছেন। দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে যে এই হামলায় ইরানের সেনাবাহিনীর তিনজন পাইলটও প্রাণ হারিয়েছেন।
রেড ক্রিসেন্ট জানিয়েছে যে হরমুজ প্রণালির উপকূলীয় এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে হামলা হওয়ায় বেশ কয়েকজন হতাহত হন। জুলাই মাসের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এটিই সবচেয়ে বড় আকারের সংঘাত বলে মনে করা হচ্ছে। এরই মধ্যে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ হুমকি দিয়েছেন যে তেহরান কোনো হামলা চালালে ইসরায়েল ইরানের সামরিক ও বেসামরিক অবকাঠামোসহ জ্বালানি কেন্দ্রগুলো অচল করে দেবে। এই উত্তপ্ত পরিস্থিতির কারণে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে যার প্রতিফলন দেখা যাচ্ছে তেলের দামে।
জাহাজ চলাচলের তথ্যে দেখা গেছে যে বুধবার হরমুজ প্রণালি দিয়ে পণ্যবাহী জাহাজের যাতায়াত উল্লেখযোগ্য হারে কমেছে। গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে আগে যেখানে দৈনিক তেরটি জাহাজ চলত সেখানে বুধবার মাত্র ছয়টি জাহাজ চলাচল করেছে।
স্যাক্সো ব্যাংকের বিশ্লেষক ওলে হ্যানসেন এবং ইউবিএস এর বিশ্লেষক জিওভানি স্টাউনোভো মনে করছেন যে তেলের মজুত হ্রাস পাওয়া এবং মধ্যপ্রাচ্যের অস্থিরতা বাজারকে আরও সংকীর্ণ করে তুলছে। এদিকে ইরান তাদের জলপথ দিয়ে চলাচলকারী জাহাজের ওপর কড়াকড়ি বাড়িয়েছে এবং নিয়ম লঙ্ঘনকারী জাহাজ জব্দের ঘোষণা দিয়েছে।
তবে ইরাকি তেলের ট্যাংকারগুলোকে বিশেষ ছাড় ও অনুমোদন দেওয়ায় ইরাকের তেল রপ্তানি আগের মাসের তুলনায় বৃদ্ধি পেয়েছে। তেলের এই উচ্চমূল্য এবং সম্ভাব্য মুদ্রাস্ফীতির জেরে মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার বৃদ্ধির পথে হাঁটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এস এম/ ৪ সেপ্টেম্বর ২০২৬







