মধ্যপ্রাচ্য

ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন বিমান হামলায় শিশুসহ নিহত ৫

ইরান হামলা

তেহরান, ২ সেপ্টেম্বর – দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন যার মধ্যে শিশুও রয়েছে। মঙ্গলবার রাতে সিরিক কাউন্টির কুহেস্তাক এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। হামলায় আহত আরও অন্তত ৬৮ জনকে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

হরমোজগানের ডেপুটি গভর্নর আহমদ নাফিসি জানান যে একটি আবাসিক বাড়িতে পরিবারের সদস্যরা যখন বিয়ের উৎসবে মেতে ছিলেন ঠিক সেই সময় মার্কিন বাহিনী এই হামলা চালায়। হরমোজগান রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে।

ইরানি কর্মকর্তাদের দাবি এই হামলা বেসামরিক মানুষের ওপর চরম ঝুঁকি তৈরি করেছে। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে যে তারা ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে পুনরায় সামরিক অভিযান শুরু করেছে। তাদের দাবি হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা এবং ওই অঞ্চলে মার্কিন সেনাদের ওপর হুমকির জবাবেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।

তবে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার বিষয়টি তারা অস্বীকার করেছে। বিয়ের অনুষ্ঠানে এই হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে আইআরজিসি। তারা জানিয়েছে যে এই হামলার জন্য যুক্তরাষ্ট্রকে চরম মূল্য দিতে হবে। এর প্রতিক্রিয়ায় বুধবার ভোরের দিকে জর্ডানের আকাবায় অবস্থিত মার্কিন মেরিন ঘাঁটি ক্যাম্প টিটিনে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

জর্ডানের সশস্ত্র বাহিনী জানিয়েছে যে ইরান থেকে ছোড়া ১৩টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ১০টি ধ্বংস করা হয়েছে এবং বাকি তিনটি জনহীন এলাকায় পড়েছে। এছাড়া বাহরাইন ও কুয়েতেও মার্কিন সামরিক স্বার্থ সংশ্লিষ্ট এলাকায় হামলার খবর পাওয়া গেছে।

এস এম/ ২ সেপ্টেম্বর ২০২৬

Back to top button