বিচারকের রায়ে এআইয়ের সহায়তা নেওয়া যাবে তবে নির্ভরতা নয়: আইনমন্ত্রী

ঢাকা, ২ সেপ্টেম্বর – বিচারকার্য পরিচালনায় রায় প্রদানের ক্ষেত্রে বিচারকরা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সহায়তা নিতে পারবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তবে এক্ষেত্রে রায় দিতে হবে বিচারকের নিজস্ব বিবেচনার ভিত্তিতে।
বুধবার রাজধানীর এশিয়াটিক সোসাইটিতে আয়োজিত বাংলাদেশ এআই গভর্নেন্স সামার স্কুল ২০২৬ এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, বিচারকরা রায় লেখার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তা গ্রহণ করতে পারেন, কিন্তু কোনোভাবেই এর ওপর পুরোপুরি নির্ভর করা যাবে না।
সাক্ষ্য ও প্রমাণ পর্যালোচনার ক্ষেত্রে বিচারককে তার নিজস্ব মেধা, প্রজ্ঞা, দূরদর্শিতা ও সততা প্রয়োগ করতে হবে। তিনি আরও উল্লেখ করেন যে, একজন বিচারক যখন রায় লিখবেন, তখন তাকে নথিপত্র এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই পরিচালিত হতে হবে।
সাক্ষ্য প্রমাণগুলো সূক্ষ্মভাবে পর্যালোচনা করে রায় লেখা হলে কোনো সমস্যা হবে না। কিন্তু শুধুমাত্র প্রযুক্তির ওপর নির্ভর করলে সেখানে চ্যালেঞ্জ তৈরি হতে পারে। এ কারণে সরকার এআই নির্ভরতা এড়াতে চায়। আইনমন্ত্রী জানান, এআই সংক্রান্ত আইন নিয়ে বর্তমানে যাচাই বাছাই চলছে এবং এটিকে সাইবার নিরাপত্তা আইনের সাথে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে গবেষণা বা সেমিনার আয়োজকদের পক্ষ থেকে কোনো খসড়া প্রস্তাব এলে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলেও তিনি জানান।
এস এম/ ২ সেপ্টেম্বর ২০২৬







