জাতীয়

দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস

মির্জা আব্বাস

ঢাকা, ৩ সেপ্টেম্বর – দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বৃহস্পতিবার দুপুরে অধিবেশন শুরুর কিছুক্ষণ পর ঢাকা ৮ আসনের এই সংসদ সদস্য সংসদ কক্ষে প্রবেশ করেন।

এ সময় স্পিকার তাকে স্বাগত জানান এবং অধিবেশনে উপস্থিত অন্যান্য সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তাকে অভিবাদন জানান। উল্লেখ্য, গত ১১ মার্চ ঢাকার শাহজাহানপুরের বাসায় অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। মস্তিষ্কে অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাকে পর্যায়ক্রমে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় নেওয়া হয়।

দীর্ঘ চিকিৎসা শেষে শারীরিক অবস্থার উন্নতি হলে গত ২ সেপ্টেম্বর তিনি দেশে ফেরেন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল গত ১২ মার্চ।

অসুস্থতা ও বিদেশে চিকিৎসাধীন থাকায় তিনি এর আগে কোনো অধিবেশনে অংশ নিতে পারেননি। এমনকি শারীরিক অসুস্থতার কারণে তিনি রাষ্ট্রপতি নির্বাচনেও ভোট প্রদান করতে পারেননি। ঢাকা ৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর বৃহস্পতিবারই প্রথমবারের মতো সংসদ অধিবেশনে যোগ দিলেন বিএনপির এই শীর্ষ নেতা।

এস এম/ ৩ সেপ্টেম্বর ২০২৬

Back to top button