মার্কিন ঘাঁটিতে হামলা জোরদার করল ইরান, ওয়াশিংটনকে চরম হুঁশিয়ারি

তেহরান, ২ সেপ্টেম্বর – দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা আরও জোরদার করেছে ইরান। ওয়াশিংটন তাদের কৃতকর্মের জন্য অনুশোচনা প্রকাশ না করা পর্যন্ত এই সামরিক অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তেহরান।
ইরানের খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় হেডকোয়ার্টার্সের মুখপাত্র কর্নেল ইব্রাহিম জুলফাকারি এই হুঁশিয়ারি দিয়েছেন। বুধবার দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রচারিত এক বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলফাকারি দাবি করেন, ইরানি বাহিনীর পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর অবকাঠামো ও সামরিক সরঞ্জামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এসব হামলায় উল্লেখযোগ্য সংখ্যক মার্কিন সেনা ও শীর্ষস্থানীয় কমান্ডার হতাহত হয়েছেন বলেও তিনি দাবি করেন। ইরানের এই সামরিক মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাদের আক্রমণাত্মক সামরিক অভিযান অব্যাহত থাকবে যতক্ষণ না ওয়াশিংটন নিজেদের সংঘটিত অপরাধের জন্য অনুশোচনা প্রকাশ করে।
একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে জুলফাকারি বলেন, হামলা বন্ধ না করা হলে ভবিষ্যতে ইরানের পক্ষ থেকে আরও ভারী এবং ধ্বংসাত্মক জবাব দেওয়া হবে। শুধু যুক্তরাষ্ট্র নয়, মধ্যপ্রাচ্যের যেসব দেশ মার্কিন সামরিক বাহিনীকে সহযোগিতা করছে তাদেরও এ ধরনের সহযোগিতার জন্য ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
এস এম/ ২ সেপ্টেম্বর ২০২৬







