স্থানীয় নির্বাচনে ভোটার এলাকা পরিবর্তনের শেষ সময় ৭ সেপ্টেম্বর

ঢাকা, ২ সেপ্টেম্বর – আসন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনকে কেন্দ্র করে ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ দিচ্ছে নির্বাচন কমিশন। বর্তমান আবাসস্থল পরিবর্তনের কারণে যারা নতুন এলাকায় ভোটার হতে ইচ্ছুক, তারা আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
বুধবার নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, ভোটার স্থানান্তরের জন্য দাখিলকৃত আবেদনগুলো ইস্যু করার শেষ তারিখ আগামী ৯ সেপ্টেম্বর।
এছাড়া প্রাপ্ত আবেদনগুলো ১০ সেপ্টেম্বরের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নাগরিকদের সুবিধার্থে এবং ভোটার তালিকা হালনাগাদের অংশ হিসেবে এই সময়সূচি নির্ধারণ করেছে ইসি। নির্দিষ্ট সময়ের পর আর কোনো আবেদন গ্রহণ করা হবে না বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।
এস এম/ ২ সেপ্টেম্বর ২০২৬







