এক থেকে দেড় সপ্তাহের মধ্যে দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে: রুহুল কবির রিজভী

ঢাকা, ২ সেপ্টেম্বর – আগামী এক থেকে দেড় সপ্তাহের মধ্যে দেশের জ্বালানি সংকট মোকাবিলা করে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন রুহুল কবির রিজভী। বুধবার সকালে রাজধানীর ৩০০ ফিট এলাকায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত পাঁচ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
তিনি জানান, বর্তমান জ্বালানি সংকট কেবল অভ্যন্তরীণ কারণে নয় বরং বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে সৃষ্টি হয়েছে। সরকার এই সংকট নিরসনে নিরলসভাবে কাজ করছে। বিশেষ করে শিল্পকারখানাগুলোতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এর ফলে দেশের শিল্প উৎপাদন ও ব্যবসা বাণিজ্যে স্থবিরতা কাটিয়ে পুনরায় গতি ফিরবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও উল্লেখ করেন যে, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানির লক্ষে সরকার ইতোমধ্যে ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে।
জ্বালানি সরবরাহ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ ও অন্যান্য আনুষঙ্গিক কার্যক্রম দ্রুততার সাথে সম্পন্ন করা হচ্ছে। তিনি দৃঢ়ভাবে বলেন যে এই সংকটকে দীর্ঘস্থায়ী হতে দেওয়া হবে না। পরিবেশ সুরক্ষা প্রসঙ্গে বিএনপি নেতা বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় শুধু বৃক্ষরোপণ করলেই হবে না।
এর পাশাপাশি নদী, খাল ও বিলসহ দেশের সব জলাধারকে দূষণমুক্ত রাখতে হবে। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে জলাশয় সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
এস এম/ ২ সেপ্টেম্বর ২০২৬







