যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি রক্ষা করলে ইরানও চুক্তিতে ফিরবে: মাসুদ পেজেশকিয়ান

তেহরান, ১ সেপ্টেম্বর – যুক্তরাষ্ট্র যদি গত জুনে স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন চুক্তির শর্ত ও প্রতিশ্রুতিগুলো যথাযথভাবে মেনে চলে, তবে ইরানও অবিলম্বে একই পথে হাঁটবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, শান্তি আলোচনার লক্ষ্যে গত ১৭ জুনের কাঠামো চুক্তির অধীনে যুক্তরাষ্ট্র তাদের দেওয়া প্রতিশ্রুতিতে ফিরে এলে তেহরানও পাল্টা ইতিবাচক ব্যবস্থা গ্রহণ করবে।
মঙ্গলবার কিরগিজস্তানের বিশকেকে আয়োজিত সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে দেওয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন। যুক্তরাষ্ট্রকে অন্তর্বর্তীকালীন চুক্তি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করে পেজেশকিয়ান উল্লেখ করেন, ওই কাঠামো চুক্তিটি দুই সপ্তাহের কম সময় টিকেছিল। ওয়াশিংটন অতিরিক্ত দাবি করতে শুরু করায় এবং প্রতিশ্রুতি রক্ষা করতে না পারায় এই পরিস্থিতির সৃষ্টি হয়।
তিনি আরও দাবি করেন, মার্কিন প্রতিশ্রুতি লঙ্ঘনের পর ইরানও তার যথাযথ জবাব দিয়েছে। এদিকে সম্প্রতি হরমুজ প্রণালিতে মার্কিন হামলা এবং এর প্রতিক্রিয়ায় জর্ডানে ইরানের মিসাইল নিক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। তবে বর্তমান পরিস্থিতিকে সর্বাত্মক যুদ্ধ হিসেবে সরাসরি স্বীকার করতে চাননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি ইরানকে একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে অভিহিত করে আবারও দেশটিতে আঘাত হানার হুমকি দিয়েছেন। রবিবার হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন হামলার মাধ্যমে এই নতুন উত্তেজনার সূত্রপাত ঘটে। এর জবাবে জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ইরান পাল্টা হামলা চালালেও জর্ডানের সশস্ত্র বাহিনী মাঝপথেই ইরানের আটটি মিসাইল ধ্বংস করে দেয়। ওভাল অফিস থেকে দেওয়া বক্তব্যে ট্রাম্প দাবি করেন যে, ইরানের নিজস্ব কোনো মুদ্রা নেই এবং তাদের সামরিক শক্তি ও শীর্ষ নেতৃত্ব প্রায় ধ্বংস হয়ে গেছে।
এস এম/ ১ সেপ্টেম্বর ২০২৬







