মধ্যপ্রাচ্য

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান ও ব্যাপক গোলাবর্ষণ

ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান

বৈরুত, ৩ সেপ্টেম্বর – দক্ষিণ লেবাননের বিভিন্ন সীমান্ত এলাকায় কামানের গোলাবর্ষণের পাশাপাশি ট্যাংক ও বুলডোজার নিয়ে স্থলপথে অনুপ্রবেশ চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে জানা যায়, ইসরায়েলি সেনাবাহিনী মানসুরি শহর লক্ষ্য করে তীব্র গোলাবর্ষণ করেছে।

এ সময় একটি মেরকাভা ট্যাংক এবং একটি ডি-৯ বুলডোজার শহরটিতে প্রবেশ করে। লেবাননের সংবাদ সংস্থা আরও জানিয়েছে, ইসরায়েলি সামরিক যানগুলোকে ওই এলাকায় ফাঁদ পাতা কন্টেইনার পরিবহন করতেও দেখা গেছে।

অন্য একটি অনুপ্রবেশের ঘটনায় ইসরায়েলি বাহিনী নাবাতিয়েহ গভর্নরেটের হাসবায়া জেলার হালতা ফার্ম এলাকায় প্রবেশ করে সেখানে কয়েকটি বাড়ি ঘেরাও করে। এ সময় বেশ কিছু বাসিন্দাকে ঘর থেকে বের হতে বাধা দেওয়া হয়।

এদিকে, আজিয়াহ মানসুরি সড়কে ইসরায়েলি ড্রোন থেকে দুটি শব্দ বোমা নিক্ষেপ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে হাদাথা ও ওয়াদি বারাচিত এলাকায় বিস্ফোরণ ঘটানো হয় এবং ভোরে টায়ার এলাকার আকাশে ইসরায়েলি ড্রোন টহল দিতে দেখা গেছে।

এস এম/ ৩ সেপ্টেম্বর ২০২৬

Back to top button