হরমুজ প্রণালির নাম বদলে ট্রাম্প প্রণালি করার প্রস্তাব ডোনাল্ড ট্রাম্পের

ওয়াশিংটন, ৩ সেপ্টেম্বর – ইরানের সাথে চলমান উত্তেজনার মধ্যেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে ট্রাম্প প্রণালি রাখার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই প্রস্তাবটি সামনে আনেন।
তবে পরবর্তীতে হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, এটি কেবল একটি মৌখিক প্রস্তাব ছিল এবং তা বাস্তবায়নের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। ট্রুথ সোশ্যালের পোস্টে ট্রাম্প উল্লেখ করেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ বর্তমানে যুক্তরাষ্ট্রের হাতে থাকলে সেটির নাম পরিবর্তন করা উচিত কি না। তিনি আরও বলেন, আমেরিকার মতোই এই অঞ্চলটি আগের চেয়ে অনেক বেশি উত্তপ্ত হবে।
তবে ভৌগোলিকভাবে অনেক দূরে অবস্থিত এই প্রণালির নাম পরিবর্তনের আইনি বা কূটনৈতিক প্রক্রিয়া নিয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। এর আগেও ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন ভৌগোলিক স্থানের নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছিলেন। কানাডার সাথে বাণিজ্য বিরোধ চলাকালীন তিনি নির্বাহী আদেশের মাধ্যমে লেক অন্টারিওর নাম বদলে লেক আমেরিকা রাখার নির্দেশ দেন।
পরবর্তীতে মেক্সিকো উপসাগরের নাম গালফ অব আমেরিকা করার ঘোষণা দিলেও মেক্সিকোসহ অন্যান্য দেশের বিরোধিতার মুখে তা সর্বজনীন স্বীকৃতি পায়নি। তবে লেক অন্টারিওর ক্ষেত্রে গুগল ও অ্যাপল তাদের মানচিত্রে মার্কিন নির্দেশিত নতুন নামটি যুক্ত করেছে।
হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতি সম্পর্কে মার্কিন প্রশাসনের দাবি, বর্তমানে এই নৌপথের ওপর ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ নেই। যুদ্ধের প্রভাবে এই পথে জাহাজ চলাচল সাময়িকভাবে কমলেও ট্রাম্প প্রশাসনের মতে, বিকল্প পথে তেল রপ্তানির পরিমাণ যুদ্ধের আগের তুলনায় বেড়েছে।
মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানান, গত সোমবার এই প্রণালি দিয়ে রেকর্ড ১৭ মিলিয়ন ব্যারেলের বেশি তেল পরিবহন করা হয়েছে। সংঘাত শুরুর পর থেকে এটিই প্রণালিটি দিয়ে সর্বোচ্চ পরিমাণ তেল পরিবহনের রেকর্ড।
এস এম/ ৩ সেপ্টেম্বর ২০২৬







