জাতীয়

দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা প্রতিমন্ত্রীর

বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ঢাকা, ৩ সেপ্টেম্বর – দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সরকার সম্ভাব্য সকল বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।

বর্তমানে বিদ্যুৎ ও জ্বালানি সংকটে সাধারণ মানুষের ভোগান্তি নিয়ে দুঃখ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, জনদুর্ভোগ লাঘব করাই সরকারের প্রধান লক্ষ্য। আগামী দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিমন্ত্রী জানান, বর্তমানে দেশে জ্বালানি সরবরাহের প্রায় ৮৮ শতাংশ স্বাভাবিক রয়েছে এবং ১২ শতাংশ ঘাটতি রয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে এবং দীর্ঘমেয়াদি চুক্তির সরবরাহ বাধাগ্রস্ত হয়েছে। ফলে বাধ্য হয়ে স্পট মার্কেট থেকে চড়া মূল্যে জ্বালানি কিনতে হচ্ছে।

তিনি আরও জানান, কাতার ও সৌদি আরবের সঙ্গে জ্বালানি সহযোগিতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে সৌদি আরবের সহযোগিতায় ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট নির্মাণের কাজ শুরু হলে তেল পরিশোধনের সক্ষমতা দ্বিগুণ হবে। এতে বছরে প্রায় ৪৫ লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল শোধন করা সম্ভব হবে যা দীর্ঘমেয়াদে দেশের জ্বালানি নিরাপত্তা সুসংহত করবে।

এস এম/ ৩ সেপ্টেম্বর ২০২৬

Back to top button