মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার আশঙ্কা কাতারের, ইরানের হামলার তীব্র নিন্দা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা

দোহা, ২ সেপ্টেম্বর – ইরানের পক্ষ থেকে নতুন করে চালানো হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে আঞ্চলিক উত্তেজনা আরও বৃদ্ধির আশঙ্কা প্রকাশ করেছে কাতার। দোহা জানিয়েছে, জর্ডান, বাহরাইন ও কুয়েতের ওপর চালানো এই হামলা উত্তেজনা হ্রাসের প্রচেষ্টাকে আরও জটিল করে তুলছে। বুধবার এক বিবৃতিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এই উদ্বেগের কথা জানায়।

আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, প্রতিবেশী দেশগুলোর ওপর চালানো এই আক্রমণ সংশ্লিষ্ট রাষ্ট্রসমূহের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতার চরম লঙ্ঘন। একে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের পরিপন্থী হিসেবে অভিহিত করেছে কাতার।

এই হামলার যাবতীয় প্রতিক্রিয়া ও পরিণতির জন্য ইরানকে আইনগতভাবে দায়ী করা হয়েছে। কাতার সতর্ক করে বলেছে, এই ধরনের সামরিক পদক্ষেপ আঞ্চলিক নিরাপত্তা প্রতিষ্ঠার রাজনৈতিক ও কূটনৈতিক উদ্যোগগুলোকে ক্ষতিগ্রস্ত করবে।

বিবৃতিতে জর্ডান, বাহরাইন ও কুয়েতের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করা হয়েছে। দেশগুলোর সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো পদক্ষেপকে কাতার সমর্থন করবে বলেও জানানো হয়। একই সঙ্গে সংকট সমাধানে সব পক্ষকে সামরিক পথ পরিহার করে পুনরায় আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছে কাতার।

এস এম/ ২ সেপ্টেম্বর ২০২৬

Back to top button