ইরানে মার্কিন হামলায় ১৮ জন নিহত, মধ্যপ্রাচ্যজুড়ে পাল্টাপাল্টি হামলা ও উত্তেজনা

তেহরান, ৩ সেপ্টেম্বর – ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে শুরু হওয়া সামরিক সংঘাত মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে অত্যন্ত উত্তপ্ত করে তুলেছে। ইরানে চালানো সাম্প্রতিক মার্কিন হামলায় অন্তত ১৮ জন নিহত এবং আরও ১০৮ জন আহত হয়েছেন বলে দাবি করেছে তেহরান। ইরানের প্রেসিডেন্ট কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ-রেজা জাফরঘান্দি এই হতাহতের তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার রাতে দেশের বিভিন্ন এলাকায় মার্কিন বাহিনীর চালানো আগ্রাসনে এই হতাহতের ঘটনা ঘটে। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে একে জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার চরম লঙ্ঘন বলে অভিহিত করেছে।
তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে, তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় চূড়ান্তভাবে প্রতিজ্ঞাবদ্ধ এবং এই হামলার কঠোর জবাব দেওয়া হবে। হামলায় বেসামরিক স্থাপনা ও সরকারি বেসরকারি সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে বলেও অভিযোগ করেছে ইরান।
অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ এবং মার্কিন সেনাদের ওপর ইরানের সাম্প্রতিক হামলার চেষ্টার জবাবেই এই অভিযান চালানো হয়েছে। মার্কিন বাহিনী মূলত ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার এবং সামুদ্রিক সামরিক সক্ষমতাকে লক্ষ্য করে এই হামলা চালায়।
পাল্টা জবাবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি জর্ডান, কুয়েত, বাহরাইন এবং ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালানোর দাবি করেছে। এই পাল্টাপাল্টি হামলার ফলে হরমুজ প্রণালীর নিরাপত্তা ও বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা নতুন করে ঝুঁকির মুখে পড়েছে।
এস এম/ ৩ সেপ্টেম্বর ২০২৬







