সৌরশক্তিতে চলবে জাতীয় সংসদ, বিশেষ সুবিধার ঘোষণা প্রধানমন্ত্রীর

ঢাকা, ৩ সেপ্টেম্বর – আগামী কয়েক মাসের মধ্যেই জাতীয় সংসদের বিদ্যুৎ ব্যবস্থা পুরোপুরি সৌরশক্তির ওপর নির্ভরশীল করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ তথ্য নিশ্চিত করেন। স্পিকারের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, সাধারণ মানুষের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে আগ্রহ বাড়াতে সরকার নিরলস কাজ করছে।
সৌরবিদ্যুৎ স্থাপনের জন্য প্রয়োজনীয় পণ্য যেমন সোলার প্যানেল, ইনভার্টার ও ব্যাটারির ওপর প্রযোজ্য কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, আগাম কর এবং ২ শতাংশ অতিরিক্ত অগ্রিম আয়কর থেকে শর্ত সাপেক্ষে অব্যাহতি দেওয়া হয়েছে। এ বিষয়ে গত ৮ জুন অভ্যন্তরীণ সম্পদ বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রধানমন্ত্রী আরও জানান, আগামী ছয় মাসের মধ্যে যারা রুফটপ সোলার স্থাপন করবেন এবং উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করবেন, সরকার তাদের কাছ থেকে প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরে বিদ্যুৎ কিনবে। বাল্ক রেটের অতিরিক্ত অর্থ সরকার প্রণোদনা হিসেবে প্রদান করবে।
তারেক রহমান বলেন, রুফটপ সোলার থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে গড় ব্যয় হবে ৬ থেকে ৭ টাকা। ফলে উদ্যোক্তাদের সর্বোচ্চ ৪৫ শতাংশ পর্যন্ত মুনাফার সুযোগ সৃষ্টি হবে। তিনি আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে যারা রুফটপ সোলার স্থাপন করে সরকারের কাছে বিদ্যুৎ বিক্রি করবেন, তাদের জন্য ১০ টাকা ৫০ পয়সা দরে বিদ্যুৎ বিক্রির এই সুবিধা পরবর্তী তিন বছর পর্যন্ত কার্যকর থাকবে।
সরকারি ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালসহ গুরুত্বপূর্ণ স্থাপনার ছাদে রুফটপ সোলার সিস্টেম স্থাপনের জন্য জাতীয় রুফটপ সোলার কর্মসূচি নেওয়া হয়েছে। এই কর্মসূচি বাস্তবায়নের জন্য ইতোমধ্যে একটি গাইডলাইন প্রস্তুত করা হয়েছে এবং বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থাকে বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে।
এছাড়া দেশের সব জেলা প্রশাসকের কার্যালয় ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রুফটপ সোলার সিস্টেম স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। জ্বালানি ও বিদ্যুৎ খাতে আগামী ১০ বছরের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে যা শিগগিরই সংসদে উপস্থাপন করা হবে।
এস এম/ ৩ সেপ্টেম্বর ২০২৬







