আফ্রিকা

কেপ ভার্দেতে ভয়াবহ বাস দুর্ঘটনায় ২৫ শিক্ষার্থীর প্রাণহানি

বাস দুর্ঘটনা

প্রাইয়া, ৭ সেপ্টেম্বর – আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দের ফোগো দ্বীপে এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বড় একটি অংশই স্কুলশিক্ষার্থী বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। পাহাড়ি রাস্তায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যাওয়ায় এই ভয়াবহ প্রাণহানির ঘটনা ঘটে।

গত শনিবার রাতে চা দাস কালদেইরাস এলাকা থেকে আরোহীদের নিয়ে সাঁও ফিলিপে শহরের দিকে যাচ্ছিল বাসটি। পথে পাহাড়ি আঁকাবাঁকা সড়কে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তা থেকে ছিটকে প্রায় ৩০ মিটার গভীর খাদে পড়ে যায়। বাসটিতে চালকসহ মোট ৩২ জন যাত্রী অবস্থান করছিলেন।

দুর্ঘটনাকবলিত এলাকাটি দুর্গম হওয়ায় উদ্ধারকাজ পরিচালনায় ব্যাপক বেগ পেতে হয় উদ্ধারকারীদের। দুর্ঘটনায় বাসচালকও প্রাণ হারিয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের মতে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন কেপ ভার্দের প্রেসিডেন্ট জোসে মারিয়া নেভেস। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি নিহতদের স্মরণে দেশটিতে দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট বিভাগ।

এস এম/ ৭ সেপ্টেম্বর ২০২৬

Back to top button