ফ্রান্সের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল বুরকিনা ফাসো

উয়াগা, ২৭ জুন – পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর শাসক সামরিক সরকার সাবেক ঔপনিবেশিক শক্তি ফ্রান্সের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে। শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে বুরকিনা ফাসো কর্তৃপক্ষ অভিযোগ করেছে যে ফ্রান্স ধারাবাহিকভাবে তাদের জাতীয় স্বার্থের পরিপন্থী কাজ করে যাচ্ছে।
২০২২ সালের সেপ্টেম্বর মাসে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরের নেতৃত্বাধীন সরকার পশ্চিমা দেশগুলোর প্রতি বিরূপ অবস্থান গ্রহণ করেছে। বিশেষ করে ফ্রান্সের সঙ্গে তাদের সম্পর্কের ব্যাপক অবনতি হয়েছে।
দেশটির জাতীয় টেলিভিশনে পাঠ করা এক বিবৃতিতে জানানো হয় যে ২০২৬ সালের ২৬ জুন থেকে ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত কার্যকর হবে। বিবৃতিতে আরও অভিযোগ করা হয় যে ফ্রান্স এখনো নব্য ঔপনিবেশিক উচ্চাকাঙ্ক্ষা পোষণ করছে।
বুরকিনা ফাসোর দাবি ফ্রান্স তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার পাশাপাশি সশস্ত্র উগ্রবাদী গোষ্ঠীগুলোকে সহায়তা দিচ্ছে। এই গোষ্ঠীগুলোর কারণে সাহেল অঞ্চলে দীর্ঘদিন ধরে সহিংসতা ও অস্থিতিশীলতা বিরাজ করছে। ফ্রান্স এই সিদ্ধান্তকে শত্রুভাবাপন্ন এবং ভিত্তিহীন হিসেবে আখ্যায়িত করেছে।
ফরাসি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এই পদক্ষেপ বুরকিনা ফাসো কর্তৃপক্ষের আমূল পরিবর্তনের একটি উদ্বেগজনক বহিঃপ্রকাশ। এর বিপরীতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে ফ্রান্স। গত এক দশক ধরে বুরকিনা ফাসো ও পার্শ্ববর্তী দেশগুলো আল কায়েদা ও ইসলামিক স্টেট সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর হামলার শিকার হয়ে আসছে।
সরকারি বিবৃতিতে বলা হয় কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার এই সিদ্ধান্তটি মূলত প্রাতিষ্ঠানিক ও রাজনৈতিক। এটি বুরকিনা ফাসো ও ফ্রান্সের সাধারণ জনগণের মধ্যকার দীর্ঘদিনের সাংস্কৃতিক ও সামাজিক সম্পর্ককে অস্বীকার করে না। সাম্প্রতিক সময়ে আফ্রিকায় ফ্রান্স বিরোধী জনমত বৃদ্ধির সুযোগে সেখানে রাশিয়া ও চীনের প্রভাব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
এস এম/ ২৭ জুন ২০২৬









