শিশু নিপীড়নমূলক কনটেন্টের অভিযোগে অ্যাপ স্টোর থেকে অপসারিত টেলিগ্রাম

লন্ডন, ৫ আগস্ট – একজন ব্যবহারকারীর শিশু যৌন নিপীড়নমূলক কনটেন্ট শেয়ার করার অভিযোগে বৈশ্বিক মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামকে সাময়িকভাবে অ্যাপ স্টোর থেকে সরিয়ে দেয় প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। তবে আপত্তিকর কনটেন্ট মুছে ফেলা এবং সংশ্লিষ্ট ব্যবহারকারীকে নিষিদ্ধ করার পর দ্রুতই অ্যাপটি আবারও প্ল্যাটফর্মে ফিরিয়ে আনা হয়েছে।
একই দিনে অ্যাপটি অ্যাপ স্টোর থেকে সরিয়ে নেওয়া এবং পুনরায় চালু করার ঘটনাটি ঘটে। অ্যাপলের এক মুখপাত্র জানান যে, নিয়মিত পর্যালোচনার সময় টেলিগ্রামে শিশু যৌন নিপীড়নমূলক কনটেন্ট প্রতিরোধ নীতি লঙ্ঘনের বিষয়টি শনাক্ত হয়। নীতিমালা অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে অ্যাপটি সরিয়ে দেওয়া হয়েছিল।
পরবর্তীতে টেলিগ্রাম দ্রুত ব্যবস্থা গ্রহণ করায় এবং দায়ী ব্যক্তিকে নিষিদ্ধ করায় অ্যাপটির প্রবেশাধিকার পুনর্বহাল করা হয়। বিশ্বজুড়ে ১০০ কোটির বেশি সক্রিয় ব্যবহারকারী থাকা টেলিগ্রাম জানিয়েছে, শিশু যৌন নির্যাতনের বিষয়ে তাদের অবস্থান জিরো টলারেন্স।
চলতি বছর এই অভিযোগে প্রায় ৩ লাখ ৩৮ হাজার গ্রুপ ও চ্যানেল বন্ধ করা হয়েছে বলেও দাবি করেছে প্রতিষ্ঠানটি। তবে টেলিগ্রাম কর্তৃপক্ষ প্রশ্ন তুলেছে যে, ভবিষ্যতে অন্যান্য অ্যাপের ক্ষেত্রেও একই কঠোর নীতি সমানভাবে প্রয়োগ করা হবে কি না।
এদিকে অ্যাপলের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন এপিক গেমসের প্রধান নির্বাহী টিম সুইনি। তিনি মনে করেন, এক বিলিয়ন ব্যবহারকারীর মধ্যে একজনের অপরাধের জন্য পুরো প্ল্যাটফর্ম সরিয়ে দেওয়া অযৌক্তিক।
এর আগেও ২০১৮ সালে একই ধরনের ঘটনায় টেলিগ্রাম সাময়িক নিষেধাজ্ঞার মুখে পড়েছিল। বর্তমানে যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়াতেও অ্যাপটির নিরাপত্তা ও অবৈধ কনটেন্ট নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে তদন্ত ও প্রশাসনিক জরিমানা আদায়ের মতো ঘটনা ঘটছে।
এস এম/ ৫ আগস্ট ২০২৬









