বিজেপি পশ্চিমবঙ্গকে কারাগারে পরিণত করেছে: মমতা ব্যানার্জি

কলকাতা, ৫ আগস্ট – ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতি দিলেও বিজেপি পশ্চিমবঙ্গকে কারাগারে পরিণত করেছে বলে অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি। মঙ্গলবার ফেসবুক লাইভে এসে দলীয় কর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে তিনি এই কঠোর বার্তা দেন।
মমতা ব্যানার্জি বলেন, রাজ্যের হাজার হাজার কর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। বাংলার কৃষ্টি ও সম্প্রীতির পরিবেশ নষ্ট করে সবকিছু গৈরিকীকরণ করা হচ্ছে বলে তিনি দাবি করেন। গত ১ আগস্ট থেকে শুরু হওয়া জনগণনা নিয়েও আশঙ্কা প্রকাশ করেন তৃণমূল নেত্রী।
তার মতে, এর মাধ্যমে রাজনৈতিক উদ্দেশ্যে বহু মানুষের নাম তালিকা থেকে বাদ যেতে পারে। ইতিপূর্বে ৩২ লাখ মানুষের নাম বাদ পড়ার উদাহরণ টেনে তিনি সুপ্রিম কোর্টের ভূমিকার সমালোচনা করেন এবং জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
এ সময় তিনি অভিযোগ করেন যে, বিজেপি নেতারা নেতাজী সুভাষচন্দ্র বসুকে অপমান করছেন। বাংলাকে রক্ষা করার জন্য এবং এই অপমানের বিরুদ্ধে সবাইকে একজোট হয়ে লড়াই করার আহ্বান জানান তিনি। মমতার দাবি, ক্ষমতার লোভে বিজেপি জোর করে পঞ্চায়েত ও পৌরসভাগুলো দখল করে নিয়েছে।
এস এম/ ৫ আগস্ট ২০২৬









