বীরভূমে সাবেক বাসচালকের বাড়িতে টাকার পাহাড়, জব্দ ৪৯ কোটি টাকার সম্পদ

কলকাতা, ৩০ জুলাই – পশ্চিমবঙ্গের বীরভূমে এক সাবেক বাসচালকের বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে পুলিশ। বীরভূমের মোহাম্মদ বাজার এলাকায় মিনার মণ্ডল নামের ওই ব্যক্তির বাসভবনে বুধবার গভীর রাত থেকে পরিচালিত অভিযানে অন্তত ২৮ কোটি রুপি নগদ এবং প্রায় ২১ কোটি রুপি মূল্যের ১৫ কেজি স্বর্ণ জব্দ করা হয়।
উদ্ধারকৃত অর্থের পরিমাণ এতই বেশি ছিল যে গণনা করার সময় পাঁচটি যন্ত্র বিকল হয়ে পড়ে। মিনার মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মিনার এক সময় রাজ্য পরিবহন দপ্তরের বাসচালক ছিলেন এবং বর্তমানে পাথর ব্যবসার সঙ্গে জড়িত।
তবে তিনি পাথর ব্যবসায়ী তুলু মণ্ডলের ঘনিষ্ঠ আত্মীয়। তুলু মণ্ডল আবার বীরভূমের প্রভাবশালী সাবেক তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের সহযোগী হিসেবে পরিচিত। মিনার প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, এই বিশাল সম্পদ মূলত তুলু মণ্ডলের সিন্ডিকেটের।
এই ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই অভিযানকে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে উল্লেখ করেছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরেও এ নিয়ে চলছে কাদা ছোড়াছুড়ি।
দলের নেতা কুণাল ঘোষ ও কল্যাণ ব্যানার্জি এই বিপুল সম্পদের উৎস এবং এর সঙ্গে জড়িত প্রভাবশালীদের খুঁজে বের করার দাবি জানিয়েছেন।
উল্লেখ্য যে, এই তুলু মণ্ডলের মেয়ের বিয়েতে ইতিপূর্বে বলিউডের আরবাজ খান ও জেরিন খানসহ একাধিক তারকা উপস্থিত ছিলেন। সেই বিয়ের আয়োজনে প্রায় ১০০ কোটি রুপি ব্যয় করা হয়েছিল বলে আলোচনা রয়েছে। বর্তমানে পুলিশ এই অবৈধ অর্থ পাচারের পুরো চক্রটি উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রেখেছে।
এস এম/ ৩০ জুলাই ২০২৬









