উত্তর আমেরিকা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হামলা সীমিত থাকলেও বড় সংঘাতের শঙ্কা

ওয়াশিংটন, ১৩ জুলাই – যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্প্রতি ঘটে যাওয়া হামলাগুলো এখন পর্যন্ত তুলনামূলক সীমিত পরিসরে রয়েছে। তবে পরিস্থিতি যে কোনো সময় চরম উত্তপ্ত রূপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

কাতারে অবস্থিত জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের বিশ্লেষক পল মাসগ্রেভ জানান দেশগুলো অনেক সময় আলোচনার চেয়ে শক্তি প্রদর্শনের মাধ্যমে নিজেদের অবস্থান জানান দেওয়ার চেষ্টা করে। বর্তমানে উভয় পক্ষই একে অপরের চূড়ান্ত লক্ষ্য সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়ার চেষ্টা চালাচ্ছে।

ওয়াশিংটনের প্রধান উদ্বেগের জায়গায় রয়েছে হরমুজ প্রণালী এবং ইরানের পারমাণবিক কর্মসূচি। অন্যদিকে ইরানের জন্য এই সংঘাত তাদের আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষাকে আরও বাড়িয়ে তুলেছে। ইরান বর্তমানে মার্কিন সামরিক ঘাঁটির পাশাপাশি কুয়েতের সমুদ্রতীরবর্তী তেল প্রকল্পগুলোকেও লক্ষ্যবস্তু করছে।

মাসগ্রেভ আরও উল্লেখ করেন যে এখন পর্যন্ত হামলাগুলো বড় আকারের না হলেও ধাপে ধাপে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। উল্লেখ্য হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা এবং মার্কিন ঘাঁটিতে হামলার জের ধরে যুক্তরাষ্ট্র ইরানের ওপর বড় ধরনের বিমান হামলা চালিয়েছে।

এর প্রতিক্রিয়ায় ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই উত্তেজনার ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে এবং অর্থনৈতিক অস্থিতিশীলতা তৈরি হয়েছে। এতে মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা হুমকির মুখে পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এস এম/ ১৩ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language