ফুটবল

২০২৬ বিশ্বকাপে ভিএআরের সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে মেক্সিকো, দ্বিতীয় আর্জেন্টিনা

মেক্সিকো সিটি, ১৩ জুলাই – ২০২৬ বিশ্বকাপে শুরু থেকেই রেফারি ও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি তথা ভিএআর নিয়ে তুমুল আলোচনা চলছে। বিশেষ করে আর্জেন্টিনার ম্যাচগুলোতে ভিএআরের সিদ্ধান্ত নিয়ে নানা বিতর্ক তৈরি হলেও প্রকাশিত পরিসংখ্যান বলছে ভিন্ন কথা।

নর্থইস্টার্ন গ্লোবাল নিউজের এক বিশ্লেষণে দেখা গেছে যে ভিএআরের সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে আর্জেন্টিনা নয় বরং সহ আয়োজক মেক্সিকো। গ্রুপ পর্ব থেকে শেষ ষোলোর ম্যাচ পর্যন্ত প্রতি ১০০ ফাউলে ভিএআর হস্তক্ষেপের হার নিয়ে এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। গবেষণায় দেখা যায় মেক্সিকোর পক্ষে গেছে ৭ দশমিক ৮ শতাংশ সিদ্ধান্ত।

বিপরীতে তাদের বিপক্ষে কোনো সিদ্ধান্ত যায়নি। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে আর্জেন্টিনা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের পক্ষে গেছে ৬ দশমিক ৭ শতাংশ সিদ্ধান্ত এবং তাদের বিপক্ষেও কোনো সিদ্ধান্ত যায়নি। তালিকার তৃতীয় স্থানে থাকা পর্তুগালের পক্ষে গেছে ৪ দশমিক ৬ শতাংশ সিদ্ধান্ত।

এরপর তালিকায় রয়েছে নিউজিল্যান্ড ৪ দশমিক ২ শতাংশ এবং সৌদি আরব ৩ দশমিক ৬ শতাংশ। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে গ্রুপ পর্বে আর্জেন্টিনার কোনো ম্যাচেই ভিএআর হস্তক্ষেপ করেনি। নকআউট পর্বের কয়েকটি সিদ্ধান্ত মেসিদের পক্ষে গেলেও ভিএআরের সহায়তায় আর্জেন্টিনা এগিয়ে গেছে এমন দাবি পরিসংখ্যান সমর্থন করে না।

অন্যদিকে ভিএআরের সিদ্ধান্তে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ক্রোয়েশিয়া। তাদের বিপক্ষে গেছে ৬ দশমিক ৫ শতাংশ সিদ্ধান্ত এবং পক্ষে আসেনি একটিও। ক্ষতিগ্রস্ত দলের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ইরান। তাদের বিপক্ষে গেছে ৫ দশমিক ৪ শতাংশ সিদ্ধান্ত। এরপর ক্রমান্বয়ে রয়েছে কাতার ৫ দশমিক ১ শতাংশ, জার্মানি ৪ শতাংশ এবং ইংল্যান্ড ৩ দশমিক ৫ শতাংশ।

এস এম/ ১৩ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language