উত্তর আমেরিকা

পাম বিচ বিমানবন্দরের নতুন নাম ‘প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প আন্তর্জাতিক বিমানবন্দর’

তালাহাসি, ১১ জুলাই – দক্ষিণ ফ্লোরিডার ব্যস্ততম পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে রাখা হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প আন্তর্জাতিক বিমানবন্দর। গত বৃহস্পতিবার থেকে বিমানবন্দরের পুরোনো নামফলক সরিয়ে নতুন ব্র্যান্ডিংয়ের কার্যক্রম শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নাম পরিবর্তনের প্রথম দিনেই ট্রাম্প অর্গানাইজেশনের মালিকানাধীন ট্রাম্প ফোর্স ওয়ান নামে পরিচিত বোয়িং ৭৫৭ উড়োজাহাজটি এই বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর কর্তৃপক্ষের নতুন এই নাম তাৎক্ষণিকভাবে কার্যকর হলেও আন্তর্জাতিক বিমান চলাচলের নিয়ম অনুযায়ী এর অফিশিয়াল কোড আগামী ১৮ আগস্ট থেকে পরিবর্তিত হবে।

বর্তমান পিবিআই কোডের পরিবর্তে নতুন কোড হিসেবে ডিজেটি ব্যবহার করা হবে। ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিসের অনুমোদিত একটি বিশেষ আইনের মাধ্যমে এই নামকরণের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে নতুন নামফলক স্থাপন ও অবকাঠামোগত ব্র্যান্ডিংয়ের জন্য প্রায় ৫৫ লাখ মার্কিন ডলার ব্যয় হবে।

উদ্বোধনের দিনে ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প ব্যক্তিগত বিমানে করে এই বিমানবন্দরে পৌঁছান। ট্রাম্প পরিবার তাদের মার এ লাগো বাসভবনে যাতায়াতের জন্য নিয়মিত এই বিমানবন্দরটি ব্যবহার করে থাকে। এরিক ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনুভূতি ব্যক্ত করে বলেন দেশের উন্নয়নে ট্রাম্পের অবদানের স্বীকৃতি হিসেবে এই উদ্যোগ প্রশংসনীয়।

একজন নিয়মিত যাত্রী হিসেবে বোর্ডিং পাসে বাবার নামের আদ্যক্ষর দেখতে পারা তার জন্য গর্বের বিষয়। এর আগে চলতি বছর পাম বিচ বিমানবন্দর থেকে মার এ লাগো সংযোগকারী একটি সড়কের নাম পরিবর্তন করে ডোনাল্ড জে. ট্রাম্প বুলেভার্ড করা হয়েছিল।

নামকরণের বিষয়ে ডোনাল্ড ট্রাম্প তার প্রতিক্রিয়ায় জানান এটি তার জন্য অনেক বড় একটি সম্মান। তবে সাধারণ যাত্রীদের মধ্যে এই পরিবর্তন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

একই দিনে টেনেসির ড্যান্ড্রিজ এলাকায় একটি গুরুত্বপূর্ণ সেতুর নাম পরিবর্তন করে ডোনাল্ড জে. ট্রাম্প সেতু রাখা হয়েছে। ওই অনুষ্ঠানে মার্কিন সরকারের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এস এম/ ১১ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language