উত্তর আমেরিকা

ইরানের স্থলপথে অস্ত্র সরবরাহ বন্ধে নতুন টাস্কফোর্স গঠন করল যুক্তরাষ্ট্র

ইরানের স্থলপথ

ওয়াশিংটন, ০৮ নভেম্বর-ইরানের ওপর চাপ আরও বাড়াতে এবার দেশটির স্থলপথে অস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জাম সরবরাহ বন্ধের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র।

এ লক্ষ্যে নতুন একটি বিশেষ টাস্কফোর্স গঠন করেছে মার্কিন সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্যবিষয়ক কমান্ড সেন্টকম (সেন্ট্রাল কমান্ড)।

এর মাধ্যমে হরমুজ প্রণালিতে ইরানের বন্দরগুলো ঘিরে চলমান নৌ অবরোধের পাশাপাশি স্থলপথেও তেহরানের সরবরাহব্যবস্থা বাধাগ্রস্ত করতে চায় ওয়াশিংটন।

শনিবার সেন্টকম জানায়, ‘টাস্কফোর্স আয়রন গেট’ নামে নতুন এই ইউনিট গঠন করা হয়েছে। এর মূল লক্ষ্য হলো, ইরান যেন উন্নত অস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জাম পরিবহনে স্থলপথ ব্যবহার করতে না পারে, তা নিশ্চিত করা।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পায় অবস্থিত এই ইউনিট ইরানের স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে অস্ত্রব্যবস্থা, দ্বৈত ব্যবহারযোগ্য প্রযুক্তি, নিষেধাজ্ঞার আওতাভুক্ত পণ্য এবং অবৈধ অর্থের প্রবাহ বন্ধ করতে বিভিন্ন মার্কিন সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করবে।

সেন্টকমের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন, সমুদ্রপথে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবরোধের সাফল্য আরও বাড়াবে নতুন এই টাস্কফোর্স।

মধ্যপ্রাচ্যবিষয়ক সাবেক মার্কিন উপসহকারী প্রতিরক্ষামন্ত্রী মাইকেল মুলরয় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে বলেন, কোথা থেকে ইরানে অস্ত্র আসছে, কীভাবে সেসব সরবরাহ বন্ধ করা যায় এবং দেশটি কীভাবে জ্বালানি পরিবহন করছে, তা চিহ্নিত করাই হবে এই ইউনিটের অন্যতম কাজ।

মুলরয়ের মতে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ আরও বিস্তৃত করার নির্দেশ দিলে অর্থনৈতিক ও অবকাঠামোগত স্থাপনাগুলো যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু হতে পারে। এর উদ্দেশ্য হবে ইরানের যুদ্ধ পরিচালনা ও অর্থায়নের সক্ষমতা দুর্বল করে দেওয়া।

এদিকে শনিবার ওমান উপসাগরে ইরানের বন্দর অবরোধের অংশ হিসেবে একটি বাণিজ্যিক জাহাজ অচল করে দেওয়ার কথা জানিয়েছে সেন্টকম।

সেন্টকমের দাবি, সেন্ট কিটসের পতাকাবাহী ‘এমভি হুদা’ নামের জাহাজটির নাবিকদের সতর্ক করার পর মার্কিন সামরিক বিমান থেকে নির্ভুল নিশানায় গোলাবর্ষণ করা হয়। এতে জাহাজটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। জুলাই থেকে অবরোধ কার্যকরের অংশ হিসেবে ১৪৭টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করা হয়েছে এবং নির্দেশ অমান্য করায় পাঁচটি জাহাজ অচল করা হয়েছে বলেও দাবি করেছে যুক্তরাষ্ট্র।

অন্যদিকে, শনিবার হরমুজ প্রণালির কেশম দ্বীপে দুটি বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার খবর দিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা। জাস্ক, সিরিক ও বন্দর আব্বাস শহরেও কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

এ ছাড়া ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনীর দাবি, শনিবার হরমুজ প্রণালির কাছে সমুদ্র মাইনে আঘাত লেগে দুটি তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে। অনিরাপদ এলাকায় নেভিগেশন ব্যবস্থা বন্ধ রেখে চলাচলের সময় জাহাজ দুটি মাইনে আঘাত পায় বলে জানানো হয়েছে।

এস এম/ ০৮ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language