ক্রিকেট

ওয়ানডে থেকে অবসর নেননি জেসন হোল্ডার, ভুল স্বীকার করলেন ড্যারেন স্যামি

নাসাউ, ১৩ জুলাই – ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জেসন হোল্ডারের ওয়ানডে ক্যারিয়ার নিয়ে নিজের আগের দেওয়া তথ্য সংশোধন করেছেন প্রধান কোচ ড্যারেন স্যামি। তিনি স্পষ্ট করেছেন যে, হোল্ডার ৫০ ওভারের ক্রিকেট থেকে অবসর নেননি, বরং বর্তমানে তিনি এই সংস্করণ থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতিতে রয়েছেন।

সম্প্রতি দ্য স্কুপ এক্সটেন্ডেড পডকাস্টে আলাপকালে স্যামি জানিয়েছিলেন যে হোল্ডার ওয়ানডে থেকে অবসর নিয়েছেন। এরপর থেকেই ক্রিকেট মহলে বিষয়টি নিয়ে আলোচনার সৃষ্টি হয়। মূলত ২০২৩ সালের বিশ্বকাপ বাছাইপর্বের পর থেকে হোল্ডারকে আর এই সংস্করণে দেখা যায়নি।

স্যামির সেই বক্তব্যের পর তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতেই এই সংশোধনী দেন তিনি। রবিবার উইজডেনকে দেওয়া এক বার্তায় স্যামি তার ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। তিনি বলেন, শব্দ চয়নে ভুলের কারণে এমন বিভ্রান্তি তৈরি হয়েছে। এর জন্য তিনি জেসন হোল্ডার, ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এবং ক্রিকেট সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেন।

স্যামি জানান, জেসন আসলে ওয়ানডে থেকে সাময়িক বিরতি নিয়েছেন, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের এই ফরম্যাট থেকে বিদায় নেননি। ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলে নির্বাচনের জন্য তাকে এখনও বিবেচনা করা হচ্ছে। কোচের মতে, তিন সংস্করণেই হোল্ডার এখনও দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সদস্য।

৩৪ বছর বয়সী এই ক্রিকেটার গত বছর বিশ্বকাপ বাছাইপর্বের পর থেকে মূলত টি টোয়েন্টি ফরম্যাটেই বেশি মনোযোগী হয়েছেন। তবে ওয়ানডের পাশাপাশি লাল বলের ক্রিকেটেও তার ফেরার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্যামি।

এস এম/ ১৩ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language