ইউরোপ

ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ: ফ্রান্সে রেকর্ড ২ হাজার ২৫ জনের মৃত্যু

প্যারিস, ৪ জুলাই – ইউরোপজুড়ে চলমান নজিরবিহীন তাপপ্রবাহে ফ্রান্সে কেবল জুন মাসের শেষ সপ্তাহেই ২ হাজার ২৫ জন মানুষের মৃত্যু হয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী,

ওই সময়ে মৃত্যুর হার পূর্ববর্তী সপ্তাহের তুলনায় ২৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বিশেষ করে ৪৫ বছরের বেশি বয়সীদের মধ্যে প্রাণহানির এই আধিক্য লক্ষ্য করা গেছে। আবহাওয়াবিদরা সতর্ক করেছেন যে, সামনের দিনগুলোতে ইউরোপে তাপমাত্রার তীব্রতা আরও বাড়তে পারে। গত ২৪ জুন ফ্রান্সে ইতিহাসের সর্বোচ্চ গড় তাপমাত্রা রেকর্ড করা হয়।

সেদিন রাজধানী প্যারিসে তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস স্পর্শ করলে দেশটির অর্ধেক এলাকায় সর্বোচ্চ পর্যায়ের লাল সতর্কতা জারি করা হয়। তাপপ্রবাহের এই মরণঘাতী প্রভাব শুধু ফ্রান্সে সীমাবদ্ধ নয় বরং যুক্তরাজ্য ও বেলজিয়ামসহ ইউরোপের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়েছে।

বেলজিয়ামে এই সময়ে স্বাভাবিকের চেয়ে ৩৯ শতাংশ অতিরিক্ত মানুষের মৃত্যু হয়েছে, যার সংখ্যা ১ হাজার ২২২ জন। এদের অর্ধেকই ৮৫ বছর বা তার বেশি বয়সী নাগরিক। নেদারল্যান্ডসের পরিসংখ্যান অনুযায়ী, গত এক সপ্তাহে তীব্র গরমে প্রায় ৪৮০ জন বাড়তি মানুষের মৃত্যু হয়েছে।

ফ্রান্সের জনস্বাস্থ্য সংস্থা জানিয়েছে,

২২ থেকে ২৮ জুনের মধ্যে রাজধানী প্যারিসে মৃত্যুর হার ৬২ শতাংশ বেড়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের আশঙ্কা, ক্ষয়ক্ষতির এই প্রাথমিক পরিসংখ্যান প্রকৃত সংখ্যার চেয়ে কম হতে পারে। দাবদাহের কারণে পানিশূন্যতা ও অসুস্থতার পাশাপাশি পানিতে ডুবে মৃত্যুর ঘটনাও উল্লেখযোগ্য হারে বেড়েছে।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রীর দেয়া তথ্যমতে,

১৮ জুন থেকে এ পর্যন্ত দেশটিতে পানিতে ডুবে ৭২ জনের মৃত্যু হয়েছে। বিবিসি ওয়েদারের পূর্বাভাস অনুযায়ী, আজোরেস অঞ্চল থেকে পর্তুগাল ও স্পেনের দিকে একটি শক্তিশালী উচ্চচাপ বলয় অগ্রসর হচ্ছে। এর প্রভাবে চলতি সপ্তাহের শেষ দিকে ফ্রান্স ও যুক্তরাজ্যের দক্ষিণাঞ্চলে তাপমাত্রা আরও বাড়তে পারে।

কোপার্নিকাস জলবায়ু সেবার রিপোর্ট অনুযায়ী,

ইউরোপ বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুত উষ্ণ হতে থাকা মহাদেশ, যেখানে বৈশ্বিক গড়ের চেয়ে দ্বিগুণ গতিতে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে।

এস এম/ ৪ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language