দৌলতদিয়ায় যাত্রীবাহী বাস পদ্মায়, প্রাণহানি এড়ালো যাত্রী নিরাপত্তা বিধি

রাজবাড়ী, ৫ জুন – রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে ফেরিতে ওঠার আগে যাত্রীদের বাস থেকে নামিয়ে দেওয়ার নিরাপত্তা নির্দেশনা মেনে চলায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে এই দুর্ঘটনা ঘটে। নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, কুষ্টিয়া থেকে ঢাকাগামী এস বি পরিবহনের একটি বাস কবরী নামক ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারায়।
বাসটি ফেরির বিপরীত পাশের র্যাম্প ভেঙে নদীতে পড়ে যায়। যাত্রী নিরাপত্তা সংক্রান্ত নিয়ম অনুযায়ী বাসের সব যাত্রীকে আগেই নামিয়ে দেওয়া হয়েছিল যার ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পর পরই উদ্ধার অভিযান শুরু হয় এবং বাসের চালক ও সহকারীকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
পরবর্তীতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের উদ্ধারকারী জাহাজ হামজা নদীতে তলিয়ে যাওয়া বাসটি উদ্ধার করে। এই উদ্ধার অভিযানে নৌপরিবহন মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, নৌ পুলিশ, ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড এবং স্থানীয় প্রশাসন সক্রিয়ভাবে অংশ নেয়।
নৌপরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পুরো উদ্ধার প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন। ফেরিঘাটে দুর্ঘটনা রোধে সবাইকে নিরাপত্তা বিধি কঠোরভাবে মেনে চলার জন্য সংশ্লিষ্টদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে ফেরিতে যানবাহন ওঠার সময় যাত্রীদের আগে নামিয়ে দেওয়া এবং নির্ধারিত পথ ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এস এম/ ৫ জুন ২০২৬









