রাজবাড়ী

রাজবাড়ীর পদ্মায় ৩৫ কেজির বিশাল কাতল, বিক্রি হলো ৭৩ হাজার ৫০০ টাকায়

রাজবাড়ী, ৫ জুলাই – রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পয়েন্টে পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ৩৫ কেজি ওজনের বিশাল একটি কাতল মাছ। রোববার সকালে দৌলতদিয়া ট্রাক টার্মিনাল সংলগ্ন মো. হালিমের আড়তে মাছটি নিলামের মাধ্যমে ৭৩ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়।

জানা গেছে, ভোরে স্থানীয় জেলে জমির হলদার ও তার সহযোগীরা পদ্মার কলাবাগান এলাকায় জাল ফেললে এই বিশাল আকৃতির মাছটি ধরা পড়ে। মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া মৎস্য আড়তে আনা হলে স্থানীয় উৎসুক জনতা সেটি দেখার জন্য ভিড় জমান।

পরে উন্মুক্ত নিলামে মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ প্রতি কেজি ২ হাজার টাকা দরে মোট ৭০ হাজার টাকায় কাতলটি কিনে নেন। কিছু সময় পর তিনি সামান্য লাভে এক জার্মান প্রবাসীর কাছে ২ হাজার ১০০ টাকা কেজি দরে মোট ৭৩ হাজার ৫০০ টাকায় মাছটি পুনরায় বিক্রি করেন।

জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক পলাশ হালদার জানান, মৎস্য সংরক্ষণ আইন যথাযথভাবে পালিত হওয়ায় এবং পদ্মার মৎস্য সম্পদ রক্ষায় নিয়মিত তদারকি থাকায় নদীতে বড় বড় মাছের সংখ্যা বাড়ছে। এটি আমাদের মৎস্য সম্পদের জন্য অত্যন্ত ইতিবাচক সংবাদ।

এস এম/ ৫ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language