রাজবাড়ী

ভিমরুলের বাসা পোড়াতে গিয়ে তুলকালাম: আগুনে পুড়ল বাজারের ৫ দোকান

রাজবাড়ী অগ্নিকাণ্ড

রাজবাড়ী, ৪ সেপ্টেম্বর – রাজবাড়ীর পাংশা বাজারে একটি বসতবাড়ির রান্নাঘরের পাশে থাকা ভিমরুলের বাসা পোড়াতে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর ২টার দিকে শহরের বারেক মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আগুনে বাজারের পাঁচটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি এই অগ্নিকাণ্ডে তাদের প্রায় কোটি টাকার মালামাল পুড়ে নষ্ট হয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে বাজারের পাশের একটি বাড়ির রান্নাঘরের পাশে রাখা পাটকাঠির গাদায় থাকা ভিমরুলের বাসায় আগুন দেওয়া হয়েছিল। সেই আগুন দ্রুত পার্শ্ববর্তী পাটকাঠির গাদা থেকে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে বাজারের পাঁচটি দোকানে আগুন লেগে যায়।

আগুনে পাংশা বণিক সমিতির সভাপতির দুটি দোকান এবং কাঠ ব্যবসায়ী ক্ষীরোদ পালের একটিসহ মোট পাঁচটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। খবর পাওয়ার পর পাংশা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও কালুখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার নিরলস চেষ্টায় ফায়ার সার্ভিস কর্মীরা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

পাংশা বণিক সমিতির সভাপতি বাহারাম সরদার জানান তার নিজের দুটি দোকানসহ মোট পাঁচটি দোকান আগুনে পুড়েছে। এতে ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। ফার্নিচার ব্যবসায়ী ক্ষীরোদ পাল বলেন শুক্রবার দোকান বন্ধ থাকায় তিনি উপস্থিত ছিলেন না। দোকানের ভেতরে নগদ পাঁচ লাখ টাকাসহ সব মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপসহকারী পরিচালক সোহেল রানা জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্নাঘর থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে তদন্ত শেষ হওয়ার আগে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিশ্চিত করে বলা সম্ভব নয়।

এনএন/ ৪ সেপ্টেম্বর ২০২৬

Back to top button