বৈরী আবহাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

রাজবাড়ী, ৯ জুন – বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
মঙ্গলবার বিকেল ৪টার পর থেকে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় আকাশ কালো মেঘে ঢাকা পড়ে। পরবর্তীতে ঝোড়ো হাওয়া ও বজ্রপাত শুরু হলে এই নৌরুটটি চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।
এমতাবস্থায় যাত্রী ও যানবাহনের জানমালের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে বিআইডব্লিউটিসি বিকেল সাড়ে ৪টায় ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে। হঠাৎ ফেরি চলাচল বন্ধ হওয়ায় দৌলতদিয়া প্রান্তে পারাপারের অপেক্ষায় বেশকিছু যানবাহন ও যাত্রী আটকা পড়েছেন।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ফেরিঘাটের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দীন জানান, বৈরী আবহাওয়ার ফলে নৌরুটে দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে। পরিস্থিতি স্বাভাবিক হওয়া মাত্রই পুনরায় ফেরি চলাচল শুরু হবে।
এস এম/ ৯ জুন ২০২৬









