পঁচিশ বছর পর ক্রিকেটের গল্পে আবারও এক হচ্ছেন আমির খান ও আশুতোষ গোয়ারিকর

মুম্বাই, ১৫ মে – ক্রিকেটকে উপজীব্য করে নির্মিত কালজয়ী সিনেমা লগন এর সাফল্যের পঁচিশ বছর পর আবারও এক হচ্ছেন বলিউড অভিনেতা আমির খান ও নির্মাতা আশুতোষ গোয়ারিকর। নতুন এই সিনেমার মূল প্রেক্ষাপটও ক্রিকেট কেন্দ্রিক। তবে এবারের সিনেমায় আমির খানকে কোনো অপেশাদার খেলোয়াড় নয় বরং জাতীয় দলের ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী ১৯৫২ সালের ঐতিহাসিক ভারত পাকিস্তান টেস্ট সিরিজের প্রেক্ষাপটে সিনেমাটি নির্মিত হচ্ছে। ভারতের কিংবদন্তি ক্রিকেটার লালা অমরনাথের বায়োপিক হিসেবে এটি নির্মাণ করা হবে বলে জানা গেছে। দেশভাগের পরবর্তী উত্তাল সময়ে দুই প্রতিবেশী দেশের মধ্যকার সেই লড়াইয়ে বন্ধুত্ব ও দেশপ্রেমের গল্প ফুটিয়ে তোলা হবে এই চলচ্চিত্রে।
আমির খান এতে স্বয়ং লালা অমরনাথের চরিত্রে অভিনয় করবেন। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন পীযূষ গুপ্ত ও নীরাজ সিং যেখানে প্রখ্যাত পরিচালক রাজকুমার হিরানিও গুরুত্বপূর্ণ ইনপুট দিয়েছেন। সিনেমার প্রি প্রোডাকশনের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে এবং চলতি বছরের সেপ্টেম্বর নাগাদ দৃশ্যধারণ শুরু হতে পারে।
এটি প্রযোজনা করছে ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানির প্রতিষ্ঠান এক্সেল এন্টারটেইনমেন্ট। এর আগে এই প্রতিষ্ঠানের ব্যানারে আমির খান দিল চাহতা হ্যায় ও তালাশ সিনেমায় কাজ করেছিলেন। ক্রিকেট ভিত্তিক এই বড় প্রজেক্টের পাশাপাশি আমির খান থ্রি ইডিয়টস সিনেমার সিক্যুয়েলের প্রস্তুতিও নিচ্ছেন।
২০০৯ সালে মুক্তি পাওয়া ব্লকবাস্টার এই সিনেমার দ্বিতীয় কিস্তিতে মূল কাহিনীর দশ বছর পরের গল্প তুলে ধরা হবে। র্যাঞ্চো ফারহান ও রাজুর জীবনের পরবর্তী অধ্যায়গুলো নিয়ে ভক্তদের মাঝে ইতিমধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
এস এম/ ১৫ মে ২০২৬









