পশ্চিমবঙ্গ

মমতা যুগের অবসান: পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

কলকাতা, ৭ মে – পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে আজ এক নতুন সূর্যোদয় এবং এক প্রবল নক্ষত্রের পতনের সাক্ষী থাকল দুই বাংলা। নির্বাচনে পরাজয়ের পর পদত্যাগ নিয়ে চলা দীর্ঘ নাটকের অবসান ঘটিয়ে আজ বিকেলে রাজ্যপাল আর এন রবি বর্তমান বিধানসভা ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছেন। এর মাধ্যমে ৭১ বছর বয়সী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ ১৫ বছরের শাসনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল।

আজ বিকেলে রাজভবন থেকে জারি করা এক বিবৃতিতে রাজ্যপাল জানান, ভারতীয় সংবিধানের ১৭৪ অনুচ্ছেদের (২) ধারার (খ) উপ-ধারা অনুযায়ী প্রাপ্ত ক্ষমতা প্রয়োগ করে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। বিবৃতির ঠিক পরেই রাজ্যের মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালা এক বিজ্ঞপ্তির মাধ্যমে ১৭তম বিধানসভা বিলুপ্তির বিষয়টি নিশ্চিত করেন।

বিধানসভা ভেঙে দেওয়ার এই সিদ্ধান্তের অর্থ হলো—মমতা বন্দ্যোপাধ্যায় এখন আর রাজ্যের মুখ্যমন্ত্রী নন এবং তাঁর মন্ত্রিসভাও এখন অস্তিত্বহীন। নবনির্বাচিত প্রতিনিধিদের নিয়ে শীঘ্রই ১৮তম বিধানসভা গঠনের প্রক্রিয়া শুরু হবে।

এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হারের পরও মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করতে অস্বীকার করে আসছিলেন। রাজভবন সূত্রে খবর, গত কয়েকদিন ধরেই তিনি ইস্তফা না দেওয়ার বিষয়ে অনড় ছিলেন। তবে বর্তমান বিধানসভার মেয়াদ আজই (৭ মে) স্বাভাবিক নিয়মে শেষ হওয়ার কথা ছিল। সেই সময়সীমা অতিক্রান্ত হওয়ার মুখেই রাজ্যপাল চূড়ান্ত সিদ্ধান্তটি নেন, যা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এক বড় রাজনৈতিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে এবার ঐতিহাসিক জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। প্রায় দুই দশকের বাম শাসন এবং দেড় দশকের তৃণমূল শাসনের পর এই প্রথম গেরুয়া শিবির নবান্নের দখল নিতে যাচ্ছে। বিজেপি নেতৃত্ব ইতিমধ্যে ঘোষণা করেছে যে, আগামী ৯ মে (শনিবার) নতুন মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করবেন। তবে কে হতে যাচ্ছেন বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী, তা নিয়ে এখনো চূড়ান্ত ঘোষণা আসেনি।

কলকাতার রাজপথে এখন টানটান উত্তেজনা। একদিকে বিজেপির কর্মী-সমর্থকদের বিজয়োল্লাস, অন্যদিকে তৃণমূল শিবিরের স্তব্ধতা। প্রশাসনিক স্তরেও ব্যাপক রদবদলের আভাস পাওয়া যাচ্ছে। মুখ্যসচিবের বিবৃতিতে জানানো হয়েছে, নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত নিয়ম অনুযায়ী প্রশাসনিক কাজ পরিচালিত হবে।

২০১১ সালে বামফ্রন্টের ৩৪ বছরের শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ১৫ বছরের শাসনকাল ছিল অত্যন্ত ঘটনাবহুল। তবে ২০২৬-এর এই নির্বাচনে জনগণের রায় তাঁর বিপক্ষে যাওয়ায় এবং শেষমুহূর্তে পদত্যাগ নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ায়—রাজ্যপালের এই কঠোর হস্তক্ষেপের প্রয়োজন পড়ল। আগামী ৯ মে নতুন সরকার গঠনের মাধ্যমে পশ্চিমবঙ্গ এক নতুন রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি হতে যাচ্ছে। এখন দেখার বিষয়, নতুন সরকার বাংলার মানুষের প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারে।

এনএন/ ৭ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language