রাজশাহী সফর শেষে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চট্রগ্রাম,২০ অক্টোবর-রাজশাহী সফর শেষ করে সামরিক বিমানে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করেন তিনি।
মূলত শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে ঢাকার বাইরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বের হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর অংশ হিসেবে মঙ্গলবার সকাল পৌনে ৯টায় ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে একটি সামরিক বিমানে রংপুরের উদ্দেশে রওনা হন তিনি। পরে সকাল ৯টা ৫০ মিনিটে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী।
সেখানে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের (রউক) চেয়ারম্যান সামসুজ্জামান সামু, বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম, ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক ইশরাত জাহান এবং পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক।
এরপর প্রধানমন্ত্রী বাসে করে সড়কপথে বিমানবন্দর থেকে রংপুরের উদ্দেশে রওনা হন। এ সময় বাস থেকে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষকে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। পরে রংপুরের পাগলাপীরে একটি পথসভা এবং রাধা গোবিন্দ মন্দির পরিদর্শন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন।
এরপর বিকেল ৩টার দিকে সামরিক বিমানে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী। পরে রাজশাহীর হাজী মুহাম্মদ মহসীন উচ্চ বিদ্যালয় মাঠে আখচাষিদের প্রণোদনা প্রদান ও জনসভায় অংশ নিয়ে রাজশাহী অঞ্চলের ৩৮ হাজার ৯৭০ জন আখচাষির মধ্যে ১২ কোটি টাকা প্রণোদনা দেন তিনি। এ ছাড়া রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত একটি জনসভায়ও যোগ দেন প্রধানমন্ত্রী।
এস এম/ ২০ অক্টোবর ২০২৬







