অনলাইনে ভোটার নিবন্ধনের পর নির্দিষ্ট সময়ে আঙুলের ছাপ না দিলে আবেদন বাতিল করবে ইসি

ঢাকা,২০ অক্টোবর-ভোটার নিবন্ধনের জন্য অনলাইনে ফরম পূরণ করার পর নির্ধারিত সময়ের মধ্যে বায়োমেট্রিক বা আঙুলের ছাপ না দিলে আবেদন বাতিল করে দেবে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার ইসি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, সম্প্রতি অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তটি কার্যকর করার জন্য এরই মধ্যে সিস্টেম ম্যানেজারকে নির্দেশনা দিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।
নির্দেশনায় বলা হয়েছে, ভোটার নিবন্ধনের জন্য অনলাইনে আবেদন করার পর সংশ্লিষ্ট আবেদনকারী বায়োমেট্রিক তথ্য দিতে না এলে নির্দিষ্ট সময় পার হওয়ার পর আবেদনটি সিস্টেম থেকে স্বয়ংক্রিয়ভাবে বাতিল করার ব্যবস্থা করতে হবে।
এদিকে ২০১২ সাল থেকে মাঠপর্যায়ের অফিসগুলোতে সংরক্ষিত স্ক্যান ও আপলোড করা ভোটার নিবন্ধন ফরম (ফরম-২) এবং গোডাউনে রাখা অপ্রয়োজনীয় ও নিষ্পত্তিযোগ্য জিনিসপত্র আগামী ৩১ অক্টোবরের মধ্যে নিষ্পত্তি করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
তবে ৩১ ডিসেম্বর ২০১১ তারিখ পর্যন্ত সংরক্ষিত ফরম-২ আগের মতোই অফিসে রাখতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কাগজপত্র নিষ্পত্তির সময় সেগুলো মণ্ড তৈরির কাজে ব্যবহার করা হচ্ছে কি না, তা নিশ্চিত করতে হবে।
এ বিষয়ে সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং এনআইডি মহাপরিচালককে নির্দেশনা দিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।
এস এম/ ২০ অক্টোবর ২০২৬







