সীমান্তে পাকিস্তানি বাহিনীর অভিযানে ১৩ জন নিহত

ইসলামাবাদ, ১ মে – আফগানিস্তান সীমান্ত সংলগ্ন পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে দুটি পৃথক অভিযানে ১৩ জন নিহত হয়েছে বলে দেশটির সেনাবাহিনী নিশ্চিত করেছে। বৃহস্পতিবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এই তথ্য জানায়। মোহমান্দ জেলায় সীমান্ত অতিক্রম করে অনুপ্রবেশের চেষ্টার সময় প্রথম অভিযানে ৮ জন নিহত হয়।
অন্যদিকে উত্তর ওয়াজিরিস্তান জেলায় সীমান্তে ব্যাপক গোলাগুলির ঘটনায় আরও ৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আইএসপিআর এর দাবি অনুযায়ী নিহতরা ‘ফিতনা আল-খাওয়ারিজ’ নামক একটি সশস্ত্র গোষ্ঠীর সদস্য এবং তারা ভারতের মদদপুষ্ট হয়ে পাকিস্তানে প্রবেশের চেষ্টা করছিল। মোহমান্দের ঘটনায় সংশ্লিষ্ট দলটিকে আগেই শনাক্ত করায় দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়েছে বলে জানানো হয়।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে আফগান তালেবান প্রশাসনের প্রতি সীমান্ত ব্যবস্থাপনা জোরদার করার আহ্বান জানিয়েছে পাকিস্তান। ইসলামাবাদের অভিযোগ আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে। আইএসপিআর আরও বলেছে যে আফগান তালেবানকে তাদের ভূখণ্ডে সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয় বন্ধ করতে হবে। বর্তমানে সংশ্লিষ্ট এলাকায় তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে এবং দেশের সীমান্ত রক্ষায় নিরাপত্তা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।
এস এম/ ১ মে ২০২৬









