জাতীয়

ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতে মাঠপর্যায়ে তদারকির নির্দেশ

ঢাকা, ২৬ মে – আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নিবিড় তদারকির নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,

বিদ্যুৎ বিভাগ ও এর অধীনস্থ সকল দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিজ নিজ কর্মস্থলে অবস্থান করে সার্বক্ষণিক বিদ্যুৎ পরিস্থিতি পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। কর্মকর্তারা ঈদের ছুটিতে যেখানে অবস্থান করবেন, সেখানে সরেজমিনে বিদ্যুৎ পরিস্থিতি পরিদর্শন করবেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন।

একই সাথে পরিদর্শন সংক্রান্ত প্রতিবেদন বিদ্যুৎ বিভাগের সচিবের কাছে পাঠাতে হবে। গ্রাহক ভোগান্তি কমাতে নিয়মিত রক্ষণাবেক্ষণ বা আকস্মিক বিদ্যুৎ বিভ্রাটের সময় স্থানীয় বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র থেকে মাইকিং এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রাহকদের আগাম তথ্য জানাতে বলা হয়েছে।

এমনকি স্থানীয় মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাধ্যমেও বিদ্যুৎ পরিস্থিতির তথ্য প্রচারের ব্যবস্থা করার নির্দেশনা দেওয়া হয়েছে। এজন্য সংশ্লিষ্ট মসজিদের নাম এবং ইমাম ও মুয়াজ্জিনদের মোবাইল নম্বর বিদ্যুৎ বিভাগে পাঠানোর পাশাপাশি বিতরণকারী সংস্থাগুলোর ওয়েবসাইটে আপলোড করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে,

ঈদ উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে ঈদের ছুটির পর বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় আশা করছে, সকলের সমন্বিত প্রচেষ্টায় ঈদের সময় দেশব্যাপী বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক ও স্থিতিশীল রাখা সম্ভব হবে।

এস এম/ ২৬ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language