দক্ষিণ এশিয়া

ভারতের তেলেঙ্গানায় তীব্র তাপপ্রবাহে ১৬ জনের মৃত্যু, তাপমাত্রা ৪৬ ডিগ্রি পার

নয়া দিল্লী, ২৫ মে – ভারতের বিভিন্ন রাজ্যে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানায় গত কয়েক দিনে প্রচণ্ড গরমে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। তেলেঙ্গানা রাজ্য প্রশাসনের পক্ষ থেকে রোববার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

তেলঙ্গানা প্ল্যানিং সোসাইটির তথ্যানুযায়ী,

রাজ্যের মোট ৩৩টি জেলার মধ্যে ১৬টি জেলাই বর্তমানে তাপপ্রবাহের কবলে রয়েছে। এই জেলাগুলোতে তাপমাত্রা ৪৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। পরিস্থিতি বিবেচনায় এসব এলাকায় চূড়ান্ত সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। বিবৃতিতে জানানো হয়েছে, ১৬টি জেলার মধ্যে ৭টি জেলায় মৃত্যুর ঘটনা ঘটেছে।

এর মধ্যে জয়শঙ্কর ভূপালপল্লি জেলায় চারজন এবং ওয়ারাঙ্গল আর্বান, করিমনগর ও নিজামাবাদ জেলায় তিনজন করে মারা গেছেন। এ ছাড়া সূর্যপেট, জগুলাম্বা গঢ়ওয়াল এবং রঙ্গারেড্ডি জেলায় একজন করে প্রাণ হারিয়েছেন। রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতিটি মৃতের পরিবারের জন্য ৪ লাখ রুপি ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন এই অসহনীয় তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সম্প্রতি প্রকাশিত বিশ্বের ৫০টি তপ্ত শহরের তালিকায় তেলেঙ্গানার কয়েকটি শহরের নাম উঠে এসেছে। রাজ্যের কুমারম ভীম আসিফাবাদ জেলার সিরপুরে সর্বোচ্চ ৪৬.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

ভারতের তেলেঙ্গানা ছাড়াও দিল্লি, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ, বিহার এবং ওড়িশাসহ বিভিন্ন অঞ্চলে তীব্র গরম অনুভূত হচ্ছে। দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও স্বাভাবিকের তুলনায় ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকছে বলে জানা গেছে।

এস এম/ ২৫ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language