মধ্যপ্রাচ্য

ইরানের অনুমতি পাওয়ার পরও হরমুজ প্রণালির কাছে পাকিস্তানগামী এলএনজি ট্যাংকারে হামলা

পাকিস্তানগামী এলএনজি ট্যাংকার

তেহরান,০২ নভেম্বর-ইরান কর্তৃপক্ষের কাছ থেকে নিরাপদে চলাচলের সুনির্দিষ্ট অনুমতি পাওয়ার পরও হরমুজ প্রণালির কাছে পাকিস্তানগামী একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবাহী ট্যাংকার হামলার শিকার হয়েছে।

সংবাদ সংস্থা ব্লুমবার্গের বরাতে জানা গেছে, গত শুক্রবার ৩০ অক্টোবর সন্ধ্যায় পারস্য উপসাগরীয় অঞ্চলে এ হামলার ঘটনা ঘটে। হামলার পর জাহাজটির গতিপথ পরিবর্তন করা হয়েছে। ফলে পাকিস্তানে বহুল প্রত্যাশিত এই গ্যাসের চালান পৌঁছানো নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে।

মার্শাল আইল্যান্ডসের পতাকাবাহী জাহাজ আল মায়েদা কাতার থেকে এলএনজি নিয়ে পাকিস্তানে যাচ্ছিল। পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি দিয়ে জাহাজটির নিরাপদ চলাচল নিশ্চিত করতে পাকিস্তানি কর্তৃপক্ষ আগে থেকেই ইরানি কর্মকর্তাদের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ চালিয়ে আসছিল। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ঘটনার কয়েক ঘণ্টা আগেই তেহরান জাহাজটিকে অতিক্রমের অনুমতি দিয়ে সবুজ সংকেত দেয়। তবে সুনির্দিষ্ট অনুমতি থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত সমুদ্রপথে জাহাজটি হামলার শিকার হয়। এই হামলার পেছনে কারা ছিল কিংবা ঠিক কী পরিস্থিতিতে হামলাটি চালানো হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

কাতারের গ্যাস পরিবহনকারী সরকারি প্রতিষ্ঠান ‘নাকিলাত’ এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তাদের পরিচালনাধীন আল মায়েদা নামের এলএনজি পরিবাহী জাহাজটি ৩০ অক্টোবর সন্ধ্যায় উপসাগরীয় জলসীমায় অজ্ঞাত কোনো বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। তারা নিশ্চিত করেছে, এ ঘটনায় জাহাজের কোনো ক্রু বা নাবিক হতাহত হননি। সামুদ্রিক পরিবেশেরও কোনো ক্ষতি হয়নি। নাকিলাত জানিয়েছে, আঘাত পাওয়ার পরও জাহাজটি সম্পূর্ণ নিরাপদ এবং পরিচালনার উপযোগী অবস্থায় রয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ পর্যালোচনার পাশাপাশি আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে নাবিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার কাজ চলছে।

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, কূটনৈতিক যোগাযোগের অংশ হিসেবে ইসলামাবাদ তেহরানের কাছ থেকে নিরাপদে চলাচলের ব্যবস্থা নিশ্চিত করার পরই এ ঘটনা ঘটে। তাই শুধু তথ্যসূত্রের ভিত্তিতে এ মুহূর্তে সরাসরি ইরানকে দায়ী করার সুযোগ নেই। বিশেষ করে কাতারভিত্তিক প্রতিষ্ঠান নাকিলাত তাদের আনুষ্ঠানিক বিবৃতিতে নির্দিষ্ট কোনো দেশ বা গোষ্ঠীর নাম উল্লেখ করেনি।

এস এম/ ০২ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language