দক্ষিণ এশিয়া

কোয়েম্বাটুরে শিশু হত্যার ঘটনায় তামিলনাড়ুজুড়ে তোলপাড়, কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

চেন্নাই, ২৩ মে – তামিলনাড়ুর কোয়েম্বাটুরে ১০ বছর বয়সী এক শিশুকন্যাকে অপহরণের পর নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিখোঁজ থাকা ওই শিশুটির ক্ষতবিক্ষত মরদেহ শুক্রবার সুলুর এলাকার কান্নামপালায়াম হ্রদের নিকটবর্তী স্থান থেকে উদ্ধার করে পুলিশ।

এই জঘন্য হত্যাকাণ্ডের অভিযোগে কার্তিক ও মোহন রাজ নামে দুই যুবককে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, বাড়ির পাশের একটি মুদি দোকানে কেনাকাটা করতে গেলে সেখান থেকেই শিশুটিকে অপহরণ করা হয়েছিল।

এই অমানবিক ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয় বাসিন্দা এবং নিহতের স্বজনদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী সুলুর থানার সামনে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। নবনির্বাচিত মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় এই বিষয়ে কোনো বিবৃতি না দিলে মরদেহ হাসপাতাল থেকে গ্রহণ করতে অস্বীকৃতি জানান নিহতের পরিবার।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তামিলনাড়ুর ডিরেক্টর জেনারেল অফ পুলিশ সন্দীপ রাই রাঠোর নিজে তদন্ত তদারকি করতে কোয়েম্বাটুরে গিয়েছেন। পাশাপাশি তামিলনাড়ুর মন্ত্রী এম এস সম্পথ এবং সুলুর বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত টিভিকে বিধায়ক এন এম সুকুমার হাসপাতালে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সাথে দেখা করে দ্রুত বিচারের আশ্বাস দিয়েছেন।

এই হত্যাকাণ্ডের পর গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, কোয়েম্বাটুরে ১০ বছরের একটি মেয়ের সাথে ঘটে যাওয়া এই ভয়াবহ ঘটনা অত্যন্ত বেদনাদায়ক এবং স্তম্ভিত করার মতো।

আমাদের সমাজে এই ধরনের অমানবিক অপরাধমূলক কর্মকাণ্ড কখনোই বরদাস্ত করা হবে না। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনীতিতে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। সদ্য গঠিত টিভিকে সরকারের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কড়া সমালোচনা শুরু করেছে বিরোধী দল ডিএমকে।

বিরোধীদলীয় নেতা উদয়নিধি স্টালিন দাবি করেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার মাত্র ১২ দিনের মধ্যে রাজ্যে ৩০টিরও বেশি বড় ধরনের অপরাধের ঘটনা ঘটেছে। অন্যদিকে এই পরিস্থিতির জন্য ডিএমকে-কে দায়ী করেছেন বিজেপি নেতা নারায়ণন তিরুপতি। তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী এম কে স্ট্যালিনের নেতৃত্বাধীন সরকার রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে পুরোপুরি ধ্বংস করে দিয়ে গেছে যার ফলে আজ এমন বিপর্যয় দেখা দিচ্ছে।

এস এম/ ২৩ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language