জমিয়তুল ফালাহ ঈদগাহ ময়দানে ঈদের নামাজের সব প্রস্তুতি সম্পন্ন

চট্টগ্রাম, ২৬ মে – পবিত্র ঈদুল আজহার কেন্দ্রীয় জামাত আয়োজনের লক্ষ্যে চট্টগ্রামের জমিয়তুল ফালাহ ঈদগাহ ময়দান পুরোপুরি প্রস্তুত করা হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন মঙ্গলবার এই ময়দান পরিদর্শন করেন এবং প্রস্তুতির সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে মেয়র জানান,
মুসল্লিরা যাতে কোনো ধরনের বিঘ্ন ছাড়াই স্বাচ্ছন্দ্যে নামাজ আদায় করতে পারেন সেজন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ব্যাপক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রায় ৬৫ হাজার বর্গফুট এলাকা জুড়ে বিশাল প্যান্ডেল নির্মাণ করা হয়েছে। বৃষ্টির সম্ভাবনা মাথায় রেখে প্যান্ডেলের উপরে ত্রিপল ও নিচে কার্পেটিংয়ের ব্যবস্থা করা হয়েছে।
প্রতিকূল আবহাওয়ায় যাতে নামাজের কোনো সমস্যা না হয় সেই দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। এছাড়া মুসল্লিদের সুবিধার্থে ময়দানে ১৪০টি সিলিং ফ্যান ও ৬০টি স্ট্যান্ড ফ্যান বসানো হয়েছে। পুরো এলাকা আলোকসজ্জার আওতায় আনা হয়েছে এবং সার্বক্ষণিক নিরাপত্তার জন্য ৩০টি সিসিটিভি ক্যামেরা ও ৭০টি মাইক স্থাপন করা হয়েছে।
মেয়র শাহাদাত হোসেন আরও জানান, জমিয়তুল ফালাহ ময়দানে এবার প্রায় ২০ থেকে ২৫ হাজার মুসল্লির সমাগম হতে পারে। মুসল্লিদের আধিক্য বিবেচনায় নিয়ে এখানে দুটি জামাত অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৮টায়।
যদি বৃষ্টির কারণে মাঠে নামাজ আদায় করা সম্ভব না হয় তবে মসজিদের ভেতরে নামাজের ব্যবস্থা থাকবে। জমিয়তুল ফালাহ ময়দানে প্রথম ও প্রধান জামাতে ইমামতি করবেন মসজিদের খতিব হযরতুল আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী।
দ্বিতীয় জামাতের ইমামতি করবেন সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ আহমদুল হক। জমিয়তুল ফালাহ ছাড়াও সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় নগরীর আরও ৯টি মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
পরিদর্শনকালে মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী ও প্রধান প্রকৌশলী আনিসুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।
এস এম/ ২৬ মে ২০২৬









