ফটিকছড়িতে হত্যা ও অস্ত্র মামলা: ডেভিড ইমনসহ ৫ জনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রাম, ২ আগস্ট – চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়ের করা হত্যা ও অস্ত্র আইনের পৃথক দুটি মামলায় মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনসহ পাঁচ আসামির ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার দুপুরে চট্টগ্রামের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ প্রদান করেন।
পুলিশ সূত্রে জানা গেছে যে হত্যা ও অস্ত্র আইনের প্রতিটি মামলায় সাত দিন করে মোট ১৪ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। উভয় পক্ষের শুনানি শেষে বিজ্ঞ আদালত প্রতিটি মামলায় পাঁচ দিন করে মোট ১০ দিনের রিমান্ড আবেদন গ্রহণ করেন।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ গণমাধ্যমকে জানান যে ফটিকছড়ি থানার দুটি মামলায় ডেভিড ইমনসহ পাঁচ আসামির বিরুদ্ধে রিমান্ড চাওয়া হয়েছিল এবং আদালত তা মঞ্জুর করেছেন। এর আগে গত ২৯ জুলাই যশোরের কোতোয়ালী থানার ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিড ইমনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৩০ জুলাই ভোরে ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেই অভিযানে একটি বিদেশি পিস্তল এবং দুটি দেশীয় এলজিসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
এস এম/ ২ আগস্ট ২০২৬









