বাঁশখালী ও হাটহাজারী সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান: ত্রাণ বিতরণ ও মতবিনিময় সভা

চট্রগ্রাম, ৯ আগস্ট – মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন শেষে চট্টগ্রামের বাঁশখালী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার দুপুর সোয়া ১টার দিকে হেলিকপ্টারযোগে তিনি মহেশখালী থেকে বাঁশখালীতে পৌঁছান।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বাঁশখালীর বাহারছড়া সমুদ্র উপকূলীয় এলাকায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সফরে প্রধানমন্ত্রী সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। সেখানে তিনি ত্রাণ বিতরণের পাশাপাশি ১০০টি গৃহহীন পরিবারের মাঝে নতুন ঘরের চাবি হস্তান্তর করবেন।
এরপর তিনি ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় গিয়ে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সেখানে সংগঠনের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে তাঁর মতবিনিময় করার কথা রয়েছে।
পরবর্তীতে হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় গিয়ে হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন উপলক্ষে আয়োজিত অপর একটি অনুষ্ঠানেও তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে।
উক্ত অনুষ্ঠানে ৩০টি ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর নির্মাণের জন্য এক লাখ টাকা করে সহায়তা প্রদান এবং ১৫ জন প্রতিবন্ধীকে আর্থিক অনুদান দেওয়া হবে। দিনের শেষ কর্মসূচিতে প্রধানমন্ত্রী সন্ধ্যায় চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে আয়োজিত বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন।
সভায় চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপিসহ সহযোগী সংগঠনের তৃণমূল পর্যায়ের বিপুল সংখ্যক নেতা উপস্থিত থাকবেন। সাংগঠনিক সভা শেষে রাত ৯টা ২০ মিনিটে প্রধানমন্ত্রীর ঢাকার উদ্দেশে চট্টগ্রাম ত্যাগ করার সূচি রয়েছে।
এস এম/ ৯ আগস্ট ২০২৬









