জাতীয়

জুলাইয়ে বিজিবির অভিযানে ২০২ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ, গ্রেপ্তার ১৯১

ঢাকা, ১১ আগস্ট – দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে গত জুলাই মাসে অভিযান চালিয়ে ২০২ কোটি ৬৩ লাখ ৪৯ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। মাদক চোরাচালানে জড়িত থাকার অভিযোগে এ সময় গ্রেপ্তার করা হয়েছে ১৯১ জনকে।

মঙ্গলবার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৪ কেজি ২৫৪ গ্রাম সোনা, ২১৬টি হীরার নাকফুল এবং ৭ কেজি ৯৩০ গ্রাম রুপা। এ ছাড়া বিপুল পরিমাণ শাড়ি, থ্রি পিস, তৈরি পোশাক ও কসমেটিকস উদ্ধার করা হয়েছে। অভিযানে উদ্ধার হওয়া মালামালের মধ্যে আরও রয়েছে ১ হাজার ৭৫১ ঘনফুট কাঠ, ২ লাখ ২১ হাজার কেজি কয়লা এবং প্রচুর পরিমাণে জিরা, রসুন ও চিনি।

বিজিবি আরও জানায়, উদ্ধার করা মাদকের তালিকায় রয়েছে ২১ লাখ ১০ হাজারের বেশি ইয়াবা, ২ কেজি ক্রিস্টাল মেথ আইস এবং উল্লেখযোগ্য পরিমাণ ফেনসিডিল ও মদ। অস্ত্রের মধ্যে ৯টি পিস্তল এবং ৬০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়।

এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৮১ জন মিয়ানমারের নাগরিকসহ মোট ১১৫ জনকে আটক করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এনএন/ ১১ আগস্ট ২০২৬


Back to top button