ভারতের গোয়েন্দা প্রধানের সফর নিয়ে জল্পনার কিছু নেই: তথ্য উপদেষ্টা

ঢাকা, ১১ আগস্ট – ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা র প্রধান পরাগ জৈনের ঢাকা সফর নিয়ে অযথা জল্পনা-কল্পনা না করার পরামর্শ দিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার তথ্য অধিদপ্তরে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি বলেন, বাংলাদেশের ডিজিএফআই প্রধান যেভাবে সম্প্রতি ভারত সফর করেছেন, র প্রধানের এই সফরটিও তেমনি একটি নিয়মিত সরকারি প্রক্রিয়ার অংশ। এটি দুই প্রতিবেশী দেশের মধ্যে স্বাভাবিক যোগাযোগের বহিঃপ্রকাশ।
উপদেষ্টা জানান, পরাগ জৈন চীন থেকে ঢাকা সফরে এসেছেন এবং এখানে তার কাউন্টারপার্টের সাথে বৈঠক করবেন। ভারতের সাথে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, আগে ভারত নির্দিষ্ট কোনো ব্যক্তি বা দলের ওপর গুরুত্ব দিয়ে সম্পর্ক বজায় রাখতে চেয়েছে, তবে বর্তমান সরকার চায় জনগণের সাথে জনগণের সুসম্পর্ক গড়ে তুলতে।
তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ভারত ও বাংলাদেশের পারস্পরিক নিরাপত্তা এবং স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হওয়া প্রয়োজন। একই ব্রিফিংয়ে স্বাস্থ্য খাতের অনিয়ম রোধে কঠোর অবস্থানের কথা জানিয়ে উপদেষ্টা বলেন, সরকারি কর্মঘণ্টায় বেসরকারি ক্লিনিকে রোগী দেখার অপরাধে এক চিকিৎসককে বরখাস্ত করা হয়েছে এবং আগামী এক মাসের মধ্যে এই খাতে আমূল পরিবর্তনের চেষ্টা চলছে। এছাড়া যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বগুড়ায় নতুন সড়ক জোন এবং করতোয়া নদীর ওপর শাহ ফতেহ আলী সেতু উদ্বোধনের তথ্য দেন তিনি।
রেল যোগাযোগে ঢাকা ও গোপালগঞ্জের মধ্যে নতুন অভিযাত্রী কমিউটার ট্রেন চালু এবং জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করতে নতুন নীতিমালার কাজও চলছে বলে তিনি উল্লেখ করেন।
এনএন/ ১১ আগস্ট ২০২৬









