জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপাক্ষিক সফর ও ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানাল ভারত

ঢাকা, ১১ আগস্ট – প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপাক্ষিক সফর এবং ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে ভারত।

মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি জানান, পৃথক দুটি উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, গত সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা দ্বিপাক্ষিক সফর এবং একই সাথে দিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকস সম্মেলনে যোগ দিতে তাকে আমন্ত্রণ জানিয়েছি। এই বিষয়ে পরবর্তীতে আরও বিস্তারিত তথ্য গণমাধ্যমকে জানানো হবে।

তবে প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার ব্যাপারে সরকার এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। গতকাল ভারতীয় দূত দিনেশ ত্রিবেদীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের পর তিনি এই তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ব্রিকস সম্মেলনে আমন্ত্রণটি মূলত বিমসটেকের চেয়ারপারসন হিসেবে দেওয়া হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার গঠনের দিনই একটি পত্র পাঠিয়েছিলেন এবং সেখানে সফরের আমন্ত্রণ ছিল।

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর দিল্লিতে ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্ব অনুষ্ঠিত হবে। বিমসটেকের চেয়ারপারসন হিসেবে তারেক রহমানকে এই সম্মেলনে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি। এর পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী আরেকটি পৃথক পত্রে বাংলাদেশের সরকারপ্রধানকে দিল্লি সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

এনএন/ ১১ আগস্ট ২০২৬


Back to top button