জাতীয়

মক্কা-মদিনার নিরাপত্তায় সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা, ১০ অক্টোবর-মক্কা ও মদিনার বিষয়ে বাংলাদেশের কোনো আপস নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ হিসেবে বাংলাদেশ প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত।

একই সঙ্গে সৌদি আরবের সঙ্গে সম্পর্ককে শুধু শ্রমিক পাঠানো ও রেমিট্যান্সের মধ্যে সীমাবদ্ধ না রেখে বিনিয়োগ, জ্বালানি, প্রযুক্তি ও দক্ষ জনশক্তি সহযোগিতার দিকে এগিয়ে নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত একটি সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

মক্কা প্যাক্টে বাংলাদেশের অবস্থান নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা মুসলিম দেশগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মক্কা-মদিনা যে অঞ্চলে অবস্থিত এবং যেখানে বিপুলসংখ্যক মুসলমানের বসবাস, সেই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা সবার জন্যই গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অভিজ্ঞতা জাতিসংঘসহ বিশ্বব্যাপী কাজে লাগানো সম্ভব। শান্তি ও স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিয়ে মক্কা প্যাক্টের উদ্যোগ বা জোট নিয়ে ইতিবাচকভাবে চিন্তা করতে বাংলাদেশের কোনো সমস্যা নেই।

সৌদি আরবের সঙ্গে সম্পর্কের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আগে দুই দেশের সম্পর্ক মূলত শ্রমিক পাঠানো ও রেমিট্যান্সের ওপর নির্ভরশীল ছিল। এখন সেই সম্পর্ককে আরও আধুনিক ও বহুমুখী করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, শুধু প্রচলিত শ্রমবাজারকেন্দ্রিক সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ না থেকে এখন জ্বালানি, প্রযুক্তি ও বিনিয়োগসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানো হবে। দক্ষ ও পেশাদার জনশক্তি পাঠানোর ক্ষেত্রেও সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ইতিবাচক আলোচনা চলছে।

সৌদি আরবের সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদারে উচ্চপর্যায়ের সফর ও বিনিয়োগ অংশীদারত্বের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দুই দেশের সম্পর্ক দ্রুত এগিয়ে যাচ্ছে। সৌদি আরবের মন্ত্রী ও জ্যেষ্ঠ কর্মকর্তারা বাংলাদেশ সফর করছেন। একইভাবে বাংলাদেশের পক্ষ থেকেও যোগাযোগ বাড়ানো হচ্ছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ এখন শুধু সহায়তানির্ভর সম্পর্কের বাইরে যেতে চায়। এ ধরনের সম্পর্ক কোনো টেকসই নীতি নয়। বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে মর্যাদাপূর্ণ বিনিয়োগ অংশীদারত্ব গড়ে তুলতে চায়।

প্রধানমন্ত্রীর সৌদি আরব সফরের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী অবশ্যই সৌদি আরব সফর করবেন। তবে সফরের তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। তারিখ চূড়ান্ত হলে গণমাধ্যমকে জানানো হবে।

মক্কা প্যাক্টে যোগদানের বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে কোনো আমন্ত্রণ বা প্রতিক্রিয়া এসেছে কি না, এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, এ বিষয়ে তিনি আগেই উত্তর দিয়েছেন।

পবিত্র মসজিদ ও স্থানগুলোর নিরাপত্তায় সৌদি আরবে বাংলাদেশি সেনা পাঠানোর কোনো পরিকল্পনা আছে কি না, এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পবিত্র স্থানগুলোর বিষয়ে প্রয়োজনীয় যেকোনো সহায়তা চাওয়া হলে বাংলাদেশ তা দিতে প্রস্তুত।

এস এম/ ১০ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language