জাতীয়

যুব উন্নয়ন অধিদপ্তরের স্থগিত নিয়োগ পরীক্ষা ১৬ অক্টোবর, সময় বিকেল ৩টা

যুব উন্নয়ন অধিদপ্তর

ঢাকা, ১০ অক্টোবর-আগামী ১৬ অক্টোবর যুব উন্নয়ন অধিদপ্তরের স্থগিত হওয়া নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের এসএমএসের মাধ্যমে পরীক্ষার তারিখ ও সময় আবারও জানানো হবে।

শনিবার যুব উন্নয়ন অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে স্থগিত হওয়া নিয়োগ পরীক্ষার বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে পরীক্ষার নতুন তারিখও নির্ধারণ করা হয়েছে।

এতে আরও বলা হয়, আজ ১০ অক্টোবর বেলা ১১টায় যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়ার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। কিন্তু পরীক্ষা শুরুর আগে প্রশ্নপত্র বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হওয়ার বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। এ কারণে নিয়োগ পরীক্ষাটি স্থগিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থগিত হওয়া নিয়োগ পরীক্ষার নতুন তারিখ ও সময় প্রাথমিকভাবে আগামী ১৬ অক্টোবর (শুক্রবার) বিকেল ৩টা নির্ধারণ করা হয়েছে। পরীক্ষার্থীদের এসএমএসের মাধ্যমে এ বিষয়ে আবারও জানানো হবে।

প্রশ্নপত্র ফাঁসের ঘটনা তদন্তের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এস এম/ ১০ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language