যুক্তরাষ্ট্রে কর্মী ছাঁটাইয়ের কবলে এইচ-১বি ভিসাধারী ভারতীয় পেশাজীবীরা

নয়া দিল্লী, ২৫ মে – যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতে ব্যয় সংকোচনের প্রভাবে বড় ধরনের কর্মী ছাঁটাই চলছে। এই পরিস্থিতিতে চরম সংকটে পড়েছেন এইচ-১বি ভিসায় দেশটিতে কর্মরত ভারতীয় পেশাজীবীরা। চাকরি হারানোর ফলে তাদের ভবিষ্যৎ এখন ঘোর অনিশ্চয়তার মুখে পড়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে,
সাম্প্রতিক এই ছাঁটাই প্রক্রিয়ায় ভারতীয়রা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। যুক্তরাষ্ট্রের বিদ্যমান ভিসা নীতিমালা অনুযায়ী, এইচ-১বি ভিসাধারীরা চাকরি হারালে তাদের একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নতুন নিয়োগকর্তা খুঁজে নিতে হয়। এই সময়ের মধ্যে কাজ না পেলে তাদের বাধ্যতামূলকভাবে দেশ ছাড়তে হয়।
সাধারণত এই ভিসার আওতায় নিয়োগকারী প্রতিষ্ঠান কর্মীর স্পন্সর হিসেবে কাজ করে। বর্তমান বাজারে বড় প্রতিষ্ঠানগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভিত্তিক কার্যক্রমে বেশি মনোযোগী হওয়ায় সাধারণ কর্মীর চাহিদা কমছে। ফলে নতুন কর্মসংস্থান এবং স্পন্সরশিপ জোগাড় করা আগের চেয়ে অনেক বেশি কঠিন হয়ে দাঁড়িয়েছে।
প্রযুক্তি খাতের এই অস্থিরতা প্রবাসী ভারতীয়দের ব্যক্তিগত ও পারিবারিক জীবনেও নেতিবাচক প্রভাব ফেলছে। অনেকে সপরিবারে যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার পরিকল্পনা করেছিলেন। সন্তানদের পড়াশোনা এবং দীর্ঘমেয়াদি আবাসন নিয়ে তারা এখন চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।
এস এম/ ২৫ মে ২০২৬









