মোদি অসাধারণ বন্ধু, ভারত যা চাইবে তা-ই পাবে: ডোনাল্ড ট্রাম্প

নয়াদিল্লি, ২৫ মে – যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের ২৫০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে ভারতের দিল্লিতে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে সরাসরি ফোনে যুক্ত হয়ে নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মোদিকে নিজের ঘনিষ্ঠ বন্ধু এবং বড় ভক্ত হিসেবে অভিহিত করে তিনি জানিয়েছেন, ভারত যুক্তরাষ্ট্রের ওপর পূর্ণ আস্থা রাখতে পারে। ট্রাম্প স্পষ্ট ভাষায় ঘোষণা করেন যে ভারত যা চাইবে তা-ই পাবে।
রবিবার দিল্লিতে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর।
অনুষ্ঠানের বিশাল পর্দায় ফোনকলে সরাসরি যুক্ত হয়ে ট্রাম্প বলেন, তিনি প্রধানমন্ত্রী মোদিকে ভালোবাসেন এবং মোদি একজন অসাধারণ মানুষ। ভারত ও যুক্তরাষ্ট্রের বর্তমান সম্পর্ককে ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে বেশি নিবিড় বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ভারতের যদি কোনো সহায়তার প্রয়োজন হয় তবে তারা জানে কোথায় যোগাযোগ করতে হবে।
অনুষ্ঠানে নিজের দেশের শক্তিশালী অর্থনীতি ও শেয়ারবাজারের সাফল্যের কথা তুলে ধরার পাশাপাশি মার্কো রুবিওকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সেরা পররাষ্ট্রমন্ত্রী হিসেবে অভিহিত করেন ট্রাম্প।
এদিকে ভারত সফররত মার্কো রুবিও জানিয়েছেন যে দুই দেশ একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠককালে তিনি প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ খনিজ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন।
এনএন/ ২৫ মে ২০২৬









